কুমারেশ রায়, মেদিনীপুর, ২৭ মার্চ: প্রধানমন্ত্রীর ভিসা বাতিল করার দাবি তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ এগিয়ে বাংলা সম্পর্কে কথা বলেছেন। তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন, তাই তাঁর ভিসা বাতিল করা উচিত।
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সূর্য অট্টর সমর্থনে বেলদা স্টেডিয়াম সংলগ্ন মাঠে ও পিংলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মাইতির সমর্থনে পিংলার মুন্ডুমারী এলাকায় নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে খড়গপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় রোড শো করে মুখ্যমন্ত্রী। বেলদার জনসভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন বলেন, বাংলায় ভোট চলছে আর বাংলাদেশে গিয়ে বাংলা সম্পর্কে কথা বলছেন। এটা সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি ভঙের শামিল। আপনার ভিসা কেন বাতিল করা হবে না।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গতকাল দু’দিনের সফরে বাংলাদেশে গিয়েছে। তাঁর সফরসঙ্গী হিসাবে সাংসদ শান্তনু ঠাকুরও গিয়েছেন। আজ শান্তনু ঠাকুরকে নিয়ে প্রধানমন্ত্রী চট্টেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। পরে মতুয়াদের পীঠস্থান হরিচাঁদ গুরুচাঁদের জন্মস্থান ওরাকান্দিতে গিয়ে পুজো দিয়েছেন। সেখানে শিক্ষার প্রসারে একটি প্রাথমিক স্কুল করার কথা বলেন। প্রসঙ্গক্রমে ঠাকুরনগরের কথাও বলেন। প্রধানমন্ত্রীর এই কার্যকলাপেরই তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কলকাতায় তৃণমূল কংগ্রেসের মিছিলে বাংলাদেশের একজন ফিল্মস্টার যোগ দিয়েছিল। তখন তার ভিসা কেড়ে নেওয়া হয়। তাহলে কেন প্রধানমন্ত্রীর ভিসা বাতিল করা হবে না? মুখ্যমন্ত্রী প্রশ্ন, এখন ভোট চলছে, সেই সময় কীভাবে ভোটের সঙ্গে যুক্ত মানুষদের সম্পর্কে কথা বলছেন?

