নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ এপ্রিল:
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে কলকাতায় প্রচার কর্মসূচিতে রাস টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের নিরিখে কলকাতায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। তাই সংক্রমণের চেন ভাঙতে নিজের কর্মসূচিতে কাটছাট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ২৬ শে এপ্রিল দক্ষিণ কলকাতায় ভোট। ২৯ শে এপ্রিল উত্তর কলকাতায় ভোট। চলতি সপ্তাহ থেকেই কলকাতায় দলের প্রচারে ঝড় তোলার পরিকল্পনা নিয়েছিল তৃণমূল। কিন্তুু মানুষের স্বাস্থ্যের কথা ভেবে শহরেতে বড় মিটিং মিছিলের পরিকল্পনা থেকে সরে আসলেন তৃণমূল সুপ্রিমো। ভবানীপুর কেন্দ্রে আর কোনও বড় মিটিং মিছিল করবেন না বলে জানিয়েছিলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে দলের প্রচার করব। মানুষের কথা ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছি।
সোমবার থেকে উত্তর ও দক্ষিণ কলকাতার তৃণমূলের সমস্ত প্রার্থীকে বড় সভা থেকে পিছিয়ে আসতে বলা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে তৃণমূল প্রার্থীদের প্রচারের নির্দেশ দিয়েছে তৃণমূল ভবন। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, করোনার সংক্রমণ বৃদ্ধি হওয়ার জন্য দিল্লির বিজেপি নেতাদের দোষারোপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় প্রত্যেকটি সভাতে তিনি অভিযোগ করছেন, দিল্লির বিজেপি নেতারা করোনা নিয়ে আসছেন। আর এই অভিযোগের মধ্যে কলকাতায় নিজে বড় সভা করলে জনমত বিপক্ষে যেতে পারে, তাই নিজেও এবার প্রচার কর্মসূচি ছোট করলেন।

