মন্দিরে চরণামৃত না খেয়ে ছিটিয়ে দিচ্ছেন মমতা! ভিডিও পোস্ট করে তৃণমূল নেত্রী ও দলকে হিন্দু বিরোধী বলে আক্রমণ বিজেপির

আমাদের ভারত, ৩০ অক্টোবর: এর আগেও তৃণমূল কংগ্রেস ও দলের নেতা নেত্রীদের হিন্দু বিরোধী বলে অভিযুক্ত করেছে পদ্ম শিবির। এবার আরও একটি ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই একই অভিযোগে অভিযুক্ত করলেন বিজেপি নেতা অমিত মালব্য।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের অভিযোগ, হিন্দুত্বের প্রতি ন্যূনতম শ্রদ্ধা-ভক্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। অমিত মালব্য তৃণমূল সুপ্রিমোর একটি ভিডিও ক্লিপ টুইট করেছেন। বিজেপির এই কেন্দ্রীয় নেতা লিখেছেন, “গোয়ার মঙ্গেশ্বর মন্দিরে তাঁকে চরণামৃত ছিটিয়ে দিতে দেখা গেছে। মালব্য লিখেছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালের মত বিরোধী নেতাদের লম্বা তালিকায় যুক্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, যারা ন্যূনতম শ্রদ্ধা ছাড়াই মন্দিরে মন্দিরে যান শুধুমাত্র তুষ্টিকরণকে সামাল দিতে।

মালব্যের পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, মঙ্গেশ্বরের মন্দিরে পুরোহিত মন্ত্র পড়ছেন সামনে দাঁড়িয়ে রয়েছেন দিদি। তার হাতের মুঠোয় ফোন। একবার পুরোহিত মশাই একটি ফুল দিলেন দিদিকে। তা নিয়ে হাতজোড় করলেন দিদি। এরপর একটি ঘটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মঙ্গেশ্বরের মন্দিরের পুরোহিত একটি তরল ঢাললেন।‌ ওই তরলটিকে চরণামৃত বলেই দাবি করেছে বিজেপি নেতা। দেখা যায় সেটি হাতে নেওয়ার পর তা না খেয়ে মাথার উপর হাত নিয়ে চারিদিকে ছিটিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। আর এই ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। যদি তৃণমূলের তরফে এখনো পর্যন্ত কোনো পাল্টা জবাব এপ্রসঙ্গে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *