Mamata, Shah, Bankura, নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ দ্বৈরথ, উৎসুক বাঁকুড়া

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ এপ্রিল:
শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাঁকুড়ায় আগমন নির্বাচনী প্রচারে। এই দুই মহারথীর দ্বৈরথ দেখতে উৎসুক বাঁকুড়া।

পাশাপাশি মিঠুন চক্রবর্তীর মত বিজেপির গ্লামার দুনিয়ার সেলিব্রেটিও এদিন বাঁকুড়ায় আসছেন। তিনি তাঁদের বড়জোড়ার প্রার্থী বিল্লেশ্বর সিংহকে নিয়ে গঙ্গাজলঘাঁটি থেকে অমরকানন পর্যন্ত একটি রোড শো করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়জোড়ায় আসছেন দলীয় প্রার্থী গৌতম মিশ্র’র সমর্থনে জনসভায়। তিনি জনসভা করবেন বড়জোড়া কলেজ মাঠে।

অন্যদিকে ছাতনা ও ওন্দায় জোড়া জনসভায় বক্তব্য রাখবেন অমিত শাহ’। এই হেভিওয়েট রাজনৈতিক নেতাদের জনসভা ও রোড শো ঘিরে গোটা জেলায় পুলিশ ও প্রশাসনিক স্তরে জোর তৎপরতা। জেলার প্রতিটি প্রবেশ পথে নাকা চেকিং চলছে জোর কদমে। মুখ্যমন্ত্রীর জনসভার স্থলে বারবার পুলিশ ও প্রশাসনিক কর্তারা ঘুরে গেছেন। তেমনি শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জনসভাকে ঘিরে জোর তৎপরতা লক্ষ্য করা গেছে। পাশাপাশি এদিন জেলাজুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে পুলিশ প্রশাসন থেকে জানাগেছে। এই দুই হেভিওয়েট নেতা- নেত্রীর রাজনৈতিক তরজায় শনিবার জেলার প্রতিটি অঞ্চল যে তপ্ত হয়ে উঠবে সে নিয়ে চর্চাও শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক তথা বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলক মুখার্জি জানিয়েছেন, শিল্পাঞ্চলের মানুষ মুখ্যমন্ত্রীর বার্তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন। বড়জোড়ার আশপাশের গ্রামের মানুষের জমায়েতে রেকর্ড উপস্থিতির আশা তৃণমূলের। দুপুর ১২টায় সভা শুরুর কথা রয়েছে বলে অলোকবাবু জানান।

অপরদিকে আজ সকালে ওন্দার রামসাগরে সভামঞ্চ ও মাঠ পরিদর্শন করেন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা ও দলীয় নেতৃত্ব। যাতে সভার সময় কোনরকম সমস্যার সৃষ্টি না হয় সে বিষয়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। আসন্ন বিধানসভা ভোটের মুখে বাঁকুড়া জেলায় শাসক দল তৃণমূল অনেক আগে থেকেই মমতা, অভিষেক, দেব, সায়নীদের দিয়ে জোর প্রচার শুরু করে দিলেও বিজেপির হেভিওয়েট নেতারা এই প্রথম আসতে শুরু করেছেন।

বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ ওন্দা বিধানসভার রামসাগর ফিসারি মাঠে তিনি জনসভা করবেন। ইতিমধ্যেই সভাকে ঘিরে জোর প্রস্তুতি চালাচ্ছে জেলা বিজেপি। ওন্দার জনসভা সেরে দুপুর ১টা নাগাদ ছাতনা বিধানসভায় যাওয়ার কথা রয়েছে অমিত শাহর। সেখানে বিজেপি প্রার্থী সত্য নারায়ণ মুখার্জি ও শালতোড়ার প্রার্থী চন্দনা বাউরির সমর্থনে জনসভা করবেন তিনি। জেলা বিজেপি সূত্রে বলা হয়েছে যে, দুই সভাতেই ব্যাপক জনসমাগমের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *