অভিজ্ঞতার কদরে এবং নবীনের মিশেলে নতুন কলকাতা পুরবোর্ড ঘোষণা মমতার

রাজেন রায়, কলকাতা, ২৩ ডিসেম্বর: ব্যক্তিগত স্বার্থ নয়, সংগঠনের স্বার্থই শেষ কথা। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে কলকাতার নতুন বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়রপদে ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র পদে অতীন ঘোষ, চেয়ারপারর্সন মালা রায়-সহ ১৩ জন মেয়র পারিষদের নাম জানালেন তিনি।

শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর মেয়রের দায়িত্ব পান ফিরহাদ হাকিম। তবে সে সময় ভোটে জিতে মেয়র হননি তিনি। মনোনীত মেয়র ছিলেন। ২০১৮ সালের ২৩ ডিসেম্বর শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর মেয়র হওয়ায় আইন মেনে ছ’মাসের মধ্যে ভোটে জিতে আসা দরকার ছিল। সেই মতোই ২০১৯ সালের মে মাসে ভোটে লড়েন ফিরহাদ। ওয়ার্ড ৮২। তবে ২০০০ সালে প্রথমবার কাউন্সিলর হন ফিরহাদ হাকিম। ২০০৯ সালে আলিপুর থেকে প্রথম বিধায়ক।

ডেপুটি মেয়র অতীন ঘোষও পুরবোর্ডে যথেষ্ট অভিজ্ঞ। কাশীপুর, বেলগাছিয়ার এই তৃণমূল বিধায়ক এর আগেও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ছিলেন। স্বাস্থ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ সামলেছেন তিনি। ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পুরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন। এবার ১১ নম্বর ওয়ার্ড থেকে ভোটে জেতেন।

অন্যদিকে মালা রায় কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ। ২০১৫ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এবার ৮৮ নম্বর ওয়ার্ড থেকে ভোটে জিতে কলকাতা পুরসভার প্রথম মহিলা চেয়ারপার্সন হলেন তিনি।

মেয়র হওয়ার পর ফিরহাদ হাকিমের প্রথম প্রতিক্রিয়া, “মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিশ্বাস আমার উপর অর্পণ করেছেন। আমার জীবন যদি যায়, যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস ভাঙতে দেব না। উনি যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথ অনুসরণ করব। তাঁর আদর্শ, বিশ্বাস নিয়েই এতদিন পুরবোর্ড চলেছে। এরপরও চলবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে আমরা শুধু কাজ করে যাব। আমৃত্যু ওনার বিশ্বাসের মর্যাদা দিয়ে উনি যে দায়িত্ব দিয়েছেন তা পালন করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *