“হাইকোর্টের বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভ ও তার বাড়ির বাইরে পোস্টার কাণ্ডে যুক্ত মমতা ও তার ভাইপো,” দাবি শুভেন্দুর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি: কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ এবং বাড়ির বাইরে পোস্টার কাণ্ডের জেরে ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিচারপতিকে উপযুক্ত সুরক্ষা দিতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সেই পরিস্থিতিতে এদিন ঝাড়গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো সরাসরি জড়িত।

রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ এবং তার বাড়ির বাইরে পোস্টার কাণ্ডে অসন্তুষ্ট। তিনি এব্যাপারে স্বরাষ্ট্রসচিব ও পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। এব্যাপারে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বলেন, নির্দেশ দিলেও পুলিশ কিছু করবে না। কারণ এতে সরাসরি জড়িত মমতা ও তাড ভাইপো। শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেছেন, হাইকোর্টে যে গণ্ডগোল হয়েছে, তা ফোন করে করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর কাছে তথ্য রয়েছে, একটি টিভি চ্যানেলের মালিককে ফোন করে এটা করতে নির্দেশ দিয়েছিলেন। আর বিচারপতির বাড়ির সামনে যে পোস্টার মারা হয়েছে, এই পোস্টার ভাইপোর অফিস থেকে তৈরি করে দেওয়া হয়েছে। এব্যাপারে সিবিআইকে রেখে এনআইএ’কে দিয়ে তদন্ত করানোর দাবি তুলেছেন তিনি। কারণ বিচার ব্যবস্থাকে আক্রমণ করার অর্থ হল সংবিধানকে আক্রমণ করা। আর সংবিধানকে আক্রমণ করা মানে দেশ বিরোধী কাজ করা।

তিনি অভিযোগ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু তাঁর পছন্দমতো চান। যিনি কিম্ভূত কি মার্কার বলে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, আবার তাদের পাও ধরেন। বিচারপতি কৌশিক চন্দকে অপমানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লক্ষ টাকা জরিমানা বার অ্যাসোসিয়েশনকে দিতে হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন ও কঠোর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে বলে এদিন মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *