নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৩ এপ্রিল:
সেনাবাহিনীর অনুমতি ছাড়াই ধর্নায় বসলে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ধরনায় বসেছেন তৃণমূল নেত্রী। কিন্তুু গান্ধী মূর্তির পাদদেশে কোনও কর্মসূচি নিতে হলে ভারতীয় সেনাবাহিনীর অনুমতি নিতে হয়। তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে সেনাবাহিনী বারোটা পর্যন্ত অনুমতি দেয়নি বলেই সূত্রের খবর।

কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্না কর্মসূচি কোনমতেই বন্ধ করতে চাননি। সেই জন্য আইন রক্ষা করে একাই ধর্না দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো গান্ধী মূর্তির নিচে ধর্নার সময় তার দলের কোনও নেতাকে রাখলেন না। নিজেই হুইলচেয়ারে বসে কমিশনের বিরুদ্ধে নীরব প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার নিদান দেওয়ায় কমিশন তাঁর প্রচারে একদিনের জন্য(২৪ঘণ্টা) নিষেধাজ্ঞা জারি করে। কমিশনের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আইন রক্ষা করেই ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন আজকে আইন ভাঙলে তাঁর বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিতে পারে কমিশন। আইন অনুযায়ী গান্ধী মূর্তির নিচে তিনি একা বসতে পারেন। সেই জন্য দলীয় কর্মীদের না নিয়ে একাই গান্ধী মূর্তির নিচে বসে ছবি আঁকলেন তৃণমূল সুপ্রিমো।


