“বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া কাণ্ডে মালদার সাংসদ ও বিজেপির ভূমিকা দেখা দরকার,” বললেন জয়প্রকাশ মজুমদার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছিল মঙ্গলবার বিকেলে। ২০০১ সালের ৩ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলা করা হয়েছিল কেশপুরের কাঁটাগেড়িয়া এলাকায়। সেই ঘটনাকে ধিক্কার জানিয়ে মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছিল কাঁটাগাড়িয়াতে। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা ছাড়াও তৃণমূলের জয়প্রকাশ মজুমদার ও অন্যান্যরা।

জয়প্রকাশ মজুমদার এদিন সাংবাদিকদের সামনে বলেন, “ট্রেনের ওপর পাথর ছোড়া সারা দেশ জুড়ে বিভিন্ন সময় হয়েছে। গতকাল বন্দে ভারত এক্সপ্রেসে হয়েছে মালদাতে। বিষয়টি দেখার দরকার রয়েছে, এতে মালদার বিজেপি সাংসদদের কোনো ষড়যন্ত্র রয়েছে কি না। কারণ বাংলায় বিজেপি আর সিপিআইএম যোগসাজোশ করে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। কালকের ঘটনার সাথে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা দেখার দরকার আছে। ওরা বিভিন্ন জায়গাতে বোমাকে বলের আকারে করে বিদ্যালয় খেলার মাঠে রেখে দিচ্ছে রাতে। আগে যে সব দেখা যেত না। পরদিন কোনো শিশু সেটাতে আক্রান্ত হলেই ওরা হাত তুলে নাচছে। রাজ্যের মা ভাই বোনেদের সতর্ক হওয়ার অনুরোধ করছি। কারণ এ ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা ও টাকা বিজেপির। বোমা সরবরাহ করে হার্মাদ সিপিআইএম। এই দুইয়ের যোগ বাংলার জন্য খুব খারাপ।”

মঙ্গলবার বিকেলের এই সভাতে বিজেপি ও সিপিআইএম থেকে প্রায় ৩০০ জন তৃণমূলে যোগ দেয় বলে দাবি তৃণমূলের। যাদের হাতে পতাকা তুলে দেন উপস্থিত তৃণমূলের নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *