আমাদের ভারত, মালদা, ৬ ডিসেম্বর: দীর্ঘ দিনের প্রতিক্ষার পর অবশেষে মালদা জেলার প্রাচীন গৌড় এক্সপ্রেসের আধুনিকরণ করল ভারতীয় রেল। সোমবার থেকেই নতুন কোচ নিয়ে চলতে শুরু করলো মালদা শিয়ালদা গৌড় এক্সপ্রেস। এদিন বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই কোচের উদ্বোধন করেন মালদা ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার ও ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের মালদা ডিভিশনের একাধিক কর্তা ও আধিকারিকরা।
গৌড় এক্সপ্রেসের দুটি ট্রেনিং মালদা ডিভিশনের পক্ষ থেকে আধুনিক কোচ ও আধুনিক যাত্রী পরিষেবা চালু করা হল। এসি সাধারণ সংরক্ষিত থেকে জেনারেল
কামরাতেও বায়ো-টয়লেট, ইলেকট্রিক ব্যবস্থা, প্রতিটি চার্জিং সিস্টেম থেকে অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা বসানো হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, মালদার প্রাচীন গৌড় এক্সপ্রেস ট্রেনটির যাত্রী পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই
ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ থেকে যাত্রীরা। জনপ্রতিনিধি থেকে যাত্রীরা এই রেলের পরিষেবার আরও উন্নতির জন্য একাধিকবার রেলের কাছে অভিযোগ জানিয়েছিল। সেই মতো রেলের পক্ষ থেকে গৌড় এক্সপ্রেসকে আধুনিক করা হল। এমনকি ভারতীয় রেলের পক্ষ থেকে আগামী ৯০ দিনের মধ্যে গৌড় এক্সপ্রেসের সমস্ত কোড উন্নত মানের করা হবে বলে জানিয়েছেন রেল কর্তারা।

