আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: সোমবারের মত মঙ্গলবারও সংসদের দুই কক্ষেই বিরোধী সাংসদরা গণহারে সাসপেন্ড হয়েছেন। সেই ধারা অব্যাহত। এর মধ্যেই নতুন সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিরোধী সাংসদদের অবস্থানে আসর জমিয়ে দিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করেন। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি নেতারা। পদ্ম নেতা সুনীল দেওধর এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, “এই হল‘ইন্ডিয়া’র আসল রূপ”।
ওই অবস্থান বিক্ষোভে কল্যাণ যে ভঙ্গিতে কথা বলেছেন, শরীরি ভাষার প্রয়োগ ঘটিয়েছেন, তা দেখে অনেকের দাবি, তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কথা বলার ধরন ও তার শরীরি ভাষা নকল করেছেন। এর প্রেক্ষিতে বিজেপি নেতা সুনীল দেওধর এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, “এই হল ‘ইন্ডিয়া’র আসল রূপ। সংসদ চত্বরে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করে ঠাট্টা করা হচ্ছে, আর প্রবীণ যুব নেতা রাহুল গান্ধী ভিডিয়ো বানিয়ে হাসছেন।”
যখন এই ঘটনা ঘটছে তখন সংসদে বিজেপি সংসদীয় দলের বৈঠক চলছিল। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কল্যাণের এ হেন আচরণের খবর পৌঁছে যায় ধনখড়ের কানেও। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “গোটাটাই হাস্যকর। এ জিনিস মেনে নেওয়া যায় না।”
প্রসঙ্গত, ব্যঙ্গ-প্রদর্শনের সময় কল্যাণের ‘প্রতিভা’ দেখে কার্যত হেসে লুটোপুটি খেতে থাকেন বিভিন্ন দলের সাংসদরা। দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও পকেট থেকে মোবাইল ফোন বার করে কল্যাণের ভিডিয়ো তুলছেন। তবে রাজনৈতিক আঙিনায় এই ধরনের সংস্কৃতি ভালো কোনো উদাহরণ তুলে ধরে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

