মাকালী বিতর্ক! মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি জানালেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৬ জুলাই: মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি জোরদার হচ্ছে। তথাগত রায়ের পর এবার তৃণমূল সাংসদকে গ্রেফতারের দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই মা কালী তথ্য চিত্রের পরিচালক লিনা মনিমেখলাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশ।

মহুয়ার মৈত্রের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে তাকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায় মাকালীকে অশুভ শক্তির বিনাশকারী হিসেবে আমরা পুজো করি।

ইন্ডিয়া টুডে কনক্লেভে মঙ্গলবার মা কালী পোস্টার বিতর্ক নিয়ে মন্তব্য করেন মহুয়া মৈত্র। তিনি বলেন, আমার কাছে কালী হলেন মাংস ভোজী অ্যালকোহল(মদ) খান এমন এক দেবী। ঈশ্বরকে নিয়ে এক একজন, এক এক রকম মত পোষণ করেন। সিকিম ভূটানে পুজোয় দেবতাকে হুইস্কি দেওয়া হয়। আমাদের এখানে কালীকে আমরা এমনই পরিকল্পনা করি।

তৃণমূল সাংসদের এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি তাকে গ্রেফতারের দাবি করেছেন। টুইটারে হিন্দু বিরোধী তৃণমূল এই হ্যাশট্যাগ (#হিন্দুবিরোধীতৃণমুল) দিয়ে সুকান্ত মজুমদার লিখেছেন, “মা কালীকে সনাতন ধর্মে অ্যালকোহল এবং মাংস ভক্ষণকারী রূপে উপাসনা করা হয় না। মা কালী হিন্দুদের কাছে যুগ যুগ ধরে অশুভ শক্তির বিনাশকারি শক্তির প্রতীক রূপে পূজিত হয়ে আসছেন। মহুয়া মৈত্রের মাকালী সম্পর্কের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি,”

লিনা মনিমেখলাইয়ের তথ্য চিত্র নিয়ে সম্প্রতি বিতর্কের ঝড় উঠেছে। এই ছবির পোস্টারে দেখা যাচ্ছে মা কালীর বেশে একজন দাঁড়িয়ে আছেন তার মুখে সিগারেট, তিনি ধূমপান করছেন। মা কালীর এইরূপ হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি নেতা তথাগত রায় দাবি করেছেন, পরিচালককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার মাঝে এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই মন্তব্য করেছেন।

যদিও মহুয়ার এই মন্তব্যকে তার দল তৃণমূল কংগ্রেস সমর্থন করে না বলে জানিয়ে দেওয়া হয়েছে দলের তরফেও।

মহুয়ার এই মন্তব্যের প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সব সময় হিন্দু ধর্মকে অপমান করে তৃণমূল। “আমরা আইনি পদক্ষেপ করব। নূপুর শর্মার বিরুদ্ধে আমাদের সরকার ব্যবস্থা নিয়েছে। আশা করি এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ও পদক্ষেপ করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *