করোনার জেরে স্থগিত জয়েন্টের মেইন পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ৪ মে: পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে দেশের বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। এবার আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। করোনার জেরে স্থগিত করে দেওয়া হল জেইই মেইনের পরীক্ষা। বিষয়টি টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

করোনার দ্বিতীয় সংক্রমণে বেহাল দশা দেশের। দৈনিক আক্রান্ত হচ্ছেন সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে পড়ুয়াদের কথা ভেবে সোমবার সন্ধ্যেয় দেশের সকল ইনস্টিটিউটগুলিকে মে মাস পর্যন্ত সব ধরনের পরীক্ষা বাতিলের জন্য অনুরোধ জানিয়েছিল দেশের শিক্ষামন্ত্রক। তবে শর্তসাপেক্ষে অনলাইন পরীক্ষা চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। সেইমতো এপ্রিল মাসের পর এবার মে মাসেও জয়েন্টের মেইন পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। পরিস্থিতি বিচার করে জুন মাসে পরীক্ষার বিষয়ে ফের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে শিক্ষামন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *