তপন কান্দু খুনের ঘটনায় মূল ভাড়াটে শুটার গ্রেফতার

সাথী দাস, পুরুলিয়া, ৪ সেপ্টেম্বর: নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় মূল ভাড়াটে খুনিকে গ্রেফতার করল সিবিআই। শনিবার রাতে তাকে ঝাড়খণ্ডের বোকারো এলাকা থেকে গ্রেফতার করে সিবিআইয়ের তদন্তকারি দল। তার বিরুদ্ধে খুন ও অস্ত্র আইন ছাড়াও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করে সিবিআই।

ধৃত ভাড়াটে খুনির নাম শেখ জাবির আনসারি। তার বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার পেংখনারায়ণপুর গ্রামের কাছো গ্রামে। আজ তাকে পুরুলিয়া আদালতে তোলা হয়। তার আগে ডাক্তারি পরীক্ষা হয় ঝালদা হাসপাতালে। মুখ ঢেকে রেখে আদালতে তোলা হয়। ভারপ্রাপ্ত মূখ্য বিচার বিভাগীয় বিচারক ধৃতকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।

চলতি বছরের ১৩ মার্চ ঝালদা-বাঘমুণ্ডি পথে গোকুলনগর গ্রামের কাছে হাঁটতে বেরিয়ে খুন হন ঝালদা পুরসভার দু’নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তাঁর সঙ্গে ছিলেন চার বন্ধু। এই ঘটনায় প্রথমে রাজ্য পুলিশের সিট তদন্ত শুরু করে। দীপক কান্দু, নরেন কান্দু, কলেবর সিং ও আশিক খানকে গ্রেফতার করে। তারপরে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেয়। তপন কান্দু হত্যাকাণ্ডের কিনারায় কেন্দ্রীয় তদন্তকারী দলের স্কেচ এক্সপার্টরা পেনসিল দিয়ে এঁকে ‘ক্রাইম ম্যাপ’ তৈরি করেন। সত্যবান পরামানিক নামে একজনকে গ্রেফতার করে সিবিআই। পাঁচ মাস তদন্ত ভার পেয়েও দুই ভাড়াটে খুনি অধরা ছিল। শেষ পর্যন্ত সাফল্য পেল সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *