করোনার সংক্রমণ এড়াতে বন্ধ মহিষাদলের ঐতিহ্যবাহী রথ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর ১০ জুন: করোনার সংক্রমণ এড়াতে বন্ধ মহিষাদলের ঐতিহ্যবাহী ২৪৪ বছরের রথযাত্রা। করোনা মহামারির প্রকপে এখনো মন্দিরগুলি বন্ধ আছে। এতদিন বন্ধ ছিল সমস্ত উৎসব। বাঙালির আবেগের আরেক উৎসব রথযাত্রাও এবার বন্ধ। পুরীর জগন্নাথ, হুগলির মাহেশের পরে শোনা যায় মহিষাদলের রথের নাম। মহিষাদলের রাজা আনন্দলাল উপাধ্যায়ের সহধর্মিনী রানী জানকি দেবীর আমলে ১৭৭৬ সালে শুরু হয় রথযাত্রা। প্রাচীন ২৪৪ বৎসরের রথ আগে ইংরেজদের অত্যাচারের প্রতিবাদ জানাতে গিয়ে মাত্র একবার ১৯৩২ সালে বন্ধ হয়েছিল। আবার ৮৮ বছর পর করোনা ভাইরাসের কারণে এবছর ফের বন্ধ থাকছে মহিষাদলের রথযাত্রা। 

মহিষাদলের রাজ পরিবারের সদস্য হরপ্রসাদ গর্গের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক হয় মহিষাদল পঞ্চায়েত সমিতিতে। বৈঠকে সিদ্ধান্ত হয় এ বছর বন্ধ থাকবে রথযাত্রা। কারণ এই রথে লক্ষাধিক মানুষের ভিড় হয়। মেলা চলে প্রায় এক মাস ধরে। অন্যান্য জায়গায় রথে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকলেও মহিষাদলের রথে থাকেন রাজ পরিবারের কুল দেবতা গোপাল জিউ। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, এই অতিমারির সময়ে  জনসাধারণের  সুরক্ষার কথা চিন্তা করেই এবছর বন্ধ থাকবে রথযাত্রা। রথের মেলাও বসবে না এবছর।

রাজ পরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ জানান, এবছর রথটানা বন্ধ থাকলেও রীতি মেনে গোপাল জিউ মাসির বাড়ি যাবেন পালকি চড়ে। তবে সমস্ত সরকারি বিধি নিষেধ মেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *