নদিয়ায় ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানালো মহিলা স্বরাজ

আমাদের ভারত, ১১ এপ্রিল: নদিয়ার হাঁসখালি গ্রামে নাবালিকাকে গণধর্ষণ ও তার মৃত্যুর দায়ে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য সমর গোয়ালার ছেলে ব্রজগোপাল গোয়ালা এবং অন্য অপরাধী ও ষড়যন্ত্রকারীদের জঘন্য কার্যকলাপ ও বর্বরতার তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাল ‘স্বরাজ ইন্ডিয়া’-র গণসংগঠন, ‘মহিলা স্বরাজ’।

সোমবার সংগঠনের তরফে এক বিবৃতিতে জানানো হয়, “সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ব্রজগোপাল গোয়ালার জন্মদিনের পার্টিতে নাবালিকাকে ডেকে এনে মদ খাইয়ে গণধর্ষণ করা হয়। তারপর গুরুতর ভাবে জখম নাবালিকার উপযুক্ত চিকিৎসা না করিয়ে বাড়ি পাঠানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য পরের দিন সে মারা যায়। অপরাধের সব প্রমাণ মুছে ফেলার জন্য তাড়াহুড়ো করে মেয়েটির দেহ ডেথ সার্টিফিকেট ছাড়াই দাহ করতে পরিবারকে বাধ্য করা হয়।

ঘটনার চার দিন পরে চাইল্ড লাইনের উদ্যোগে পরিবার থানায় ডায়েরি করতে পারে। তার আগে থানা থেকে ডায়েরি নিতে অস্বীকার করে। মেয়েটির পরিবারের সদস্যরা আতঙ্কে ও প্রবল চাপের মধ্যে আছে। অভিযুক্ত ছেলের পরিবার থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে। মহিলা স্বরাজ ইন্ডিয়া মৃত মেয়েটির পরিবারের সুরক্ষার দাবি জানাচ্ছে।

এই নারকীয় ঘটনা ২০২১ সালে উত্তর প্রদেশের হাতরাসের ভয়াবহ ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিছবি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাতরাসের ঘটনার তীব্র সমালোচনা করেছিলেন কিন্তু নদিয়ার এই কাণ্ডে উনি মুখে কুলুপ এঁটেছেন।হাতরাসের শাসক দলের নেতার ঘটানো নির্যাতন, ধর্ষণ ও তথ্য লোপাট আজ বাংলায় এসে পৌঁছেছে। মহিলা স্বরাজ দাবি জানাচ্ছে, মুখ্যমন্ত্রী এই বিষয়ে তার নীরবতা ভঙ্গ করুন এবং কঠোর ভাষায় এই ঘটনার নিন্দা করুন।

গোটা ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে শাসকদল তৃণমূলের সঙ্গে পুলিশের অশুভ আঁতাতে রাজ্যের আইন শৃংখলার কি বেহাল দশা হয়েছে। রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা পাল্লা দিয়ে প্রতিদিন খুন, ধর্ষণ, রাহাজানির মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে চলেছে, যার প্রতিটির পেছনে কোনো না কোনো ভাবে পুলিশি যোগ স্পষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী না পারছেন নিজের দলকে নিয়ন্ত্রণ করতে, না পারছেন প্রশাসনকে নিরপেক্ষ ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে, কারণ অপরাধীদের সকলের সঙ্গেই তৃণমূল দল যুক্ত।

মহিলা স্বরাজ অপরাধীদের কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। মহিলাদের ওপর এই ধরনের হামলা ক্ষমার অযোগ্য অপরাধ।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *