বিজেপি কর্মীকে মারধরের প্রতিবাদে কাঁথির ২১টি ওয়ার্ডে মহিলা মোর্চার সদস্যদের দেওয়াল লিখন

আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ২৮ জানুয়ারি : দেওয়াল লিখতে গিয়ে দলীয়কর্মী আক্রান্ত হওয়ার প্রতিবাদে কাঁথি থানায় ডেপুটেশন দিল বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে প্রতিবাদ স্বরূপ ২১টি ওয়ার্ডে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা দেওয়াল লিখন শুরু করলো।

কাঁথি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখতে গিয়ে বিজেপির এক কর্মকর্তা আক্রান্ত হন গতকাল। তারই প্রতিবাদে আজ কাঁথি থানার সামনে বিক্ষোভ দেখায় ও থানায় ডেপুটেশন জমা দিল বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা কর্মকর্তা ও কাঁথি শহরের বিজেপির কর্মী-সমর্থকরা। ডেপুটেশন উপস্থিত ছিলেন  দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিত ও সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা। 

বিজেপির অভিযোগ গত বিধানসভা ভোটে কাঁথির মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছে। কাঁথির মানুষ পৌরসভায় চেয়ারম্যান হিসেবে বিজেপির নেতাকে দেখতে চায়, তাই তৃণমূল কংগ্রেস এসব করছে। যদিও তৃণমূল কংগ্রেসের জেলা নেতা সুপ্রকাশ গিরি অভিযোগের সুরে বলেন, তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে। ত্রিপুরাতে আমরা দেখেছি, বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না।

এদিকে সকাল থেকে দেওয়াল লিখতে তুলি হাতে কাঁথির রাস্তায় নেমে পড়েন বিজেপির মহিলা সমর্থকরা। গতকাল দেওয়াল লিখতে গিয়ে কাঁথি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছিল বিজেপির কর্মকর্তা রূপম মাইতি। তারই প্রতিবাদে কাঁথি পৌরসভার ২১ টি ওয়ার্ডে দেওয়াল লিখতে শুরু করে পদ্মফুল শিবিরের সমর্থক মহিলারা। ফলত,  দেওয়াল লিখন ঘিরে পৌরসভা ভোটের রাজনৈতিক পারদ চড়তে শুরু করল বাংলার সবচেয়ে দক্ষিণের বালুশহর কাঁথিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *