কোভিড চিকিৎসার প্রস্তুতি খতিয়ে দেখতে মহড়া পুরুলিয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে

সাথী দাস, পুরুলিয়া, ২৭ ডিসেম্বর: পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালেই কোভিড ওয়ার্ড চালু করা হচ্ছে। মঙ্গলবার জেলায় কোভিড হাসপাতালের সব ধরনের প্রস্তুতি খতিয়ে দেখতে মহড়া শুরু হল। কোভিডকে কেন্দ্র করে চিকিৎসা ক্ষেত্রে যেসব জিনিস দরকার হতে পারে সেগুলি মহড়ার মাধ্যমে দেখলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সহ স্বাস্থ্য আধিকারিকরা। পরিকাঠামো কতটা কাজ করছে সবটাই হাতেকলমে দেখলেন পরিদর্শক দল। সবটাই রাজ্য স্বাস্থ্য ভবনে ফোন ও ভিডিয়ো কলের মাধ্যমে জানানো হয় ও তুলে ধরা হয়।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, আগে কোভিড চিকিৎসার জন্য ৩৬০ শয্যার একটি বিভাগ ছিলই। এই মুহূর্তে কোভিডের রোগীদের জন্য সাধারণ শয্যা প্রায় ৫২টি ও ক্রিটিকাল শয্যা ১২টি প্রস্তুত রয়েছে প্রথম ধাপে। এছাড়া মেডিক্যাল কলেজের অন্তর্গত সদর হাসপাতালে ১০ শয্যার সাধারণ এবং ২ শয্যার ক্রিটিক্যাল শয্যার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন জেলার স্বাস্থ্য কর্তারা। ফের করোনা সংক্রমণ দেখা দেওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই ক্ষেত্রে জেলায় করোনা পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য কর্তারা।

পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডা: সুকোমল বিষয়ী বলেন, “আতঙ্কিত হবেন না কেউ। সর্তক থাকুন। মহড়ার উদ্দেশ্য একটাই মানুষের মধ্যে এই বার্তা তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষ যেন বুঝতে পারে আমরা প্রস্তুত রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে। সবচেয়ে ভাল খবর বিগত কয়েকদিনে কোভিড পজিটিভ তেমন কাউকে পাওয়া যায়নি। তবে মাস্ক ব্যবহার করা শুরু করতে হবে। প্রথম ধাপে জেলা হাসপাতালে কোভিড ওয়ার্ড করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *