৯ বছর ধরে বেতন না পেয়ে স্বেচ্ছামৃত্যুর অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মাদ্রাসা শিক্ষকরা

রাজেন রায়, কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: দীর্ঘ নয় বছর ধরে বেতন না পাওয়ায় এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান মাদ্রাসার শিক্ষকরা।স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মাদ্রাসা শিক্ষকরা। ১৬ জন মাদ্রাসা শিক্ষক এই মামলা করেছেন। রাজ্যের ২৩৪টি অনুমোদনহীন মাদ্রাসায় রয়েছেন প্রায় ২,৫০০ জন শিক্ষক। মামলাকারীদের অভিযোগ, তৃণমূল জমানায় গত ৯ বছর বেতন পাচ্ছেন না তাঁরা। এই পরিস্থিতিতে আদালত তাঁদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক।

মামলাকারীদের পক্ষে জানানো হয়েছে, বিনা বেতনে ৯ বছর কাজ করছেন তাঁরা। তাই আদালতের সামনে তাঁরা তিনটি বিকল্প রেখেছেন। প্রথমত, সরকারকে সমস্ত বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার অনুমতি দিক হাইকোর্ট। দ্বিতীয়ত, নইলে শিক্ষকদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিক আদালত। আর তাও সম্ভব না হলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন বিচারপতি।

প্রসঙ্গত, রাজ্যের শিল্পক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্র নিয়ে গত কয়েক মাস ধরেই নাস্তানাবুদ হচ্ছে রাজ্য প্রশাসন। গত কয়েক মাস ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছেন পার্শ্বশিক্ষক ও মাদ্রাসা শিক্ষকরা। সরকারের কাছে সম্মানজনক বেতনক্রম ও বকেয়া বেতনের দাবি জানিয়েছেন তারা। রাজ্যের ভোট অন অ্যাকাউন্ট বাজেটে পার্শ্বশিক্ষকদের বছরে ৩ শতাংশ বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার মাদ্রাসা শিক্ষকদের নিয়ে রাজ্য কী করে সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *