আমাদের ভারত, ৪ জুন:করোনা পরিস্থিতি বিচার করে পরীক্ষা কেন্দ্রের বদলে বাড়িতে বসেই হোক উচ্চ মাধ্যমিক। সেইরকমই চিন্তাভাবনা শুরু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বলে খবর। সেক্ষেত্রে বাড়িতেই প্রশ্নপত্র পাঠানো হবে। অন্যদিকে মাধ্যমিকের লিখিত পরীক্ষা বাতিল করে গাণিতিক ফর্মুলায় বিকল্প মূল্যায়ণ করার বলছে মধ্য শিক্ষা পর্ষদ।
দুদিন দু’দফায় বৈঠকে বিশেষজ্ঞ কমিটির কাছে ঘরে বসে উচ্চমাধ্যমিক করা যায় কিনা তার প্রস্তাব দিয়েছে শিক্ষা সংসদ। জানা গেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বিশেষজ্ঞ কমিটির কাছে জানিয়েছেন ছাত্র-ছাত্রীদের বাড়িতেই প্রশ্ন পত্র পাঠানো হোক। সেক্ষেত্রে করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের ঝুঁকি কমবে এবং পরীক্ষাও হবে। তার বক্তব্য, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সেই একই ব্যবস্থা করা যাবে কিনা সে প্রশ্ন রেখেছেন তিনি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের যুক্তি ইতিমধ্যেই প্রাক্টিক্যাল, প্রজেক্টের নম্বর জমা পড়েছে সংসদের কাছে। ছাত্র-ছাত্রীদের স্বার্থের কথা ভেবেই পরীক্ষা নেওয়া উচিত বলে মনে করে সংসদ।
শুক্রবার বিশেষজ্ঞ কমিটির তৃতীয় দফায় বৈঠক হবে। সেখানে এই প্রস্তাব চূড়ান্ত হবে কিনা তা বৈঠকে ঠিক হবে। যদি প্রস্তাব চূড়ান্ত হয় তবেই তার রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরে জমা পড়বে। অন্যদিকে মাধ্যমিকের লিখিত পরীক্ষা নিতে চাইছে না মধ্যশিক্ষা পর্ষদ। দু’দফায় বিশেষজ্ঞ কমিটির কাছে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে পর্ষদের তরফে। পরীক্ষার বিকল্প হিসেবে গাণিতিক ফর্মুলায় ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়ার প্রস্তাব জানানো হয়েছে কমিটির কাছে। সেক্ষেত্রে নবম শ্রেণীর সামগ্রিক নম্বর ও দশম শ্রেণীর এখনো অবধি যত পরীক্ষা হয়েছেএই দুয়ের নম্বরকে মিলিয়ে নম্বর দেওয়ার চিন্তাভাবনা রয়েছে পর্ষদের।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জুলাই মাসের শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। মাধ্যমিক হবে আগস্টে দ্বিতীয় সপ্তাহে। কিন্তু এরপর জাতীয় স্তরের দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রে সিবিএসসি আইএসসি পরীক্ষা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়। এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা স্থগিত রাখতে বলে রাজ্য সরকার। পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় এই বিশেষজ্ঞ কমিটির কাছে রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা আছে।

