আমাদের ভারত, ২৫ মার্চ: ব্যতিক্রমী ভাবনা ও মানবিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আত্মপ্রকাশ করল নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল ‘Rudra Entertainment Official’. উদ্বোধনের মঞ্চেই প্রদর্শিত হল তাদের প্রথম চলচ্চিত্র ‘মাধবীলতা’ যা নির্মাতার কথায় শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং এক গভীর অনুভূতির প্রতিফলন। সিনেমাটি আগামী ৪ এপ্রিল থেকে এই ইউটিউব চ্যানেলেই দেখা যাবে।
সমাজে ‘স্বাভাবিক’ হওয়ার যে অদৃশ্য চাপ, সেই চেনা কাঠামোকে প্রশ্ন করেই শুরু হয়েছে এই ছবির যাত্রা। ছোটবেলা থেকেই মানুষকে শেখানো হয় কীভাবে ‘ঠিক’ হতে হয়, আর কীভাবে ‘ভুল’ কিন্তু এই সীমারেখার বাইরে থাকা মানুষদের আমরা কতটা বোঝার চেষ্টা করি? সেই জিজ্ঞাসাই ছবির মূল সুর।

ছবির পরিচালক সৌরভ মুখার্জি জানান, “‘মাধবীলতা’ হঠাৎ করে তৈরি হয়নি। সময়ের সঙ্গে জমে থাকা কিছু অভিজ্ঞতা, দেখা কিছু ঘটনা আর অনেক না বলা অনুভূতির সমষ্টি এই গল্প। বিশেষ করে এমন কিছু মানুষের জীবন কাছ থেকে দেখার পর, যারা পৃথিবীকে একটু অন্যভাবে অনুভব করে তাদের লড়াই, তাদের নিঃসঙ্গতা, আর সমাজের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে।”
এই ছবিতে অভিনয় করেছেন রিমঝিম গুপ্ত, অভ্রজিত চক্রবর্তী সহ আরও অনেকে। তাঁদের অভিনয়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে সেইসব মানুষের জীবন, যারা সমাজের প্রচলিত ‘স্বাভাবিকতা’র সংজ্ঞার বাইরে অবস্থান করেন।
ছবির মূল উদ্দেশ্য দর্শককে একটু থামিয়ে দেওয়া চিন্তা করার জন্য। যদি এই ছবি দেখে কেউ একবার ভাবেন, নিজের দৃষ্টিভঙ্গিকে নতুনভাবে বিচার করেন, কিংবা অন্য একজন মানুষকে একটু বেশি সহানুভূতির সঙ্গে দেখেন তবেই এই প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করেন নির্মাতা।
উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় কলকাতার রোটারি সদনে, যেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও শিল্পীরা। নতুন এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে মাইক্রো ফিল্ম, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজসহ নানা ধরনের কনটেন্ট তৈরি করবে বলে জানাগেছে।
সবশেষে, ‘মাধবীলতা’ মনে করিয়ে দেয় সব গল্পের কাজ উত্তর দেওয়া নয়, কখনো কখনো শুধু প্রশ্ন তুলে যাওয়া। আর সেই প্রশ্নই হয়তো বদলে দিতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সমাজকে।

