আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ মে: “করোনা রোগী নিয়ে সাগর দত্ত মেডিকেল হসপিটালে কোনো রকম দালালি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আর যদি কেউ বলে বিজেপি ইউনিয়ন করব, পিঠের চামড়া তুলে নেব।” শুক্রবার সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা পরিস্থিতি নিয়ে কথা আলোচনা করতে এসে একথা বলেন কামাহাটি বিধানসভার নব নির্বাচিত বিধায়ক মদন মিত্র।
শুক্রবার দুপুরে মদন মিত্র সাগর দত্ত হাসপাতালের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হন। তিনি এদিন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বেশ কিছুক্ষন আলোচনা করেন। রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগ জনক। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর ২৪ পরগনার একটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ করোনা হাসপাতাল সাগর দত্ত হাসপাতাল। যাতে সেই হাসপাতালে রোগী এবং রোগীদের আত্মীয়দের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় এবং সর্বোপরি যাতে কোনো দালাল চক্র এই হাসপাতালে সক্রিয় হয়ে না উঠতে পারে সেই নিয়ে সাগর দত্ত সুপার সঞ্জয় মিস্ত্রির সাথে আলোচনা করেন মদন মিত্র।
দলীয় কর্মীদের বলেন, এখানে যদি কেউ দালালি করার জন্য বিজেপি ইউনিয়ন করতে চায়, করুন। তার পরেই তার হুঁশিয়ারি, বিজেপি ইউনিয়ন করলে মেরে পিঠের চামড়া তুলে নেব।
সাংবাদিকদের বলেন, এই হাসপাতালে কিছু দালাল চক্র মাথা চাড়া দিচ্ছে আমার কাছে খবর আছে, এটা বরদাস্ত করব না। অক্সিজেন যথেষ্ট পরিমাণে আছে শুধু সঠিক পথে গেলে সেটা সহজেই পাওয়া যাবে। সরকার এই বিষয়ে তৎপর। কিন্তু হাসপাতালের কিছু লোক মিথ্যে কথা বলে রোগীদের আত্মীয়দের বিভ্রান্ত করছে, এসব চলবে না।তিনি এদিন রোগীর আত্মীয়দের অভয় দিয়ে বলেন, “যদি কাউকে দেখেন হাসপাতালে আপনাদের সঙ্গে কোনো দালালি করছে সঙ্গে সঙ্গে তাকে ধরে লাইট পোস্টে বাঁধবেন তার পর আমাদের ডাকবেন। আমি তাদের পোস্টে বেঁধে মারব।”

