আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ মার্চ:
মনোনয়নপত্র জমা দিলেন উত্তর ২৪ পরগনার কামারহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে তিনি তাঁর মনোনয়ন পত্র জমা দিলেন। নিজের মনোনয়ন পত্র জমা দিয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এবার ২রা মে কোনও খেলা, মেলা অনুষ্ঠিত হবে না। এবার ওই দিন উৎসব হবে। আমরা বাঙালিরা গত বছরে ঠিকমত দুর্গা পুজো পালন করতে পারিনি। করোনা আমাদের বেধে রেখেছিল। গত বছরের ৭ দিনের দুর্গা পুজোর আনন্দ আমরা ২রা মে একদিন উপভোগ করব। আজকে তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস প্রমাণ করছে উৎসবের দিন আসন্ন। তবে মানুষ শেষ কথা বলবে, আর নবান্নে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুধু রবীন্দ্র সঙ্গীত গাইব, মমচিত্তে নিতি নৃত্যে, কে যে নাচে… বিরোধীদের এত ভয় কিসের?”

মদন মিত্রের সঙ্গে এদিন নৃত্য শিল্পীদের একটি দল নৃত্য পরিবেশন করতে করতে কামারহাটি থেকে ব্যারাকপুর প্রশাসনিক ভবন পর্যন্ত আসে। কামারহাটি পুরসভার পৌর প্রশাসক গোপাল সাহাকে সঙ্গে নিয়ে মদন মিত্র এদিন তাঁর মনোনয়ন পত্র জমা দেন। উত্তর ২৪ পরগনার অন্যতম নজর কাড়া বিধানসভা কেন্দ্র কামারহাটিতেও নির্বাচন পঞ্চম দফায় ১৭ এপ্রিল।

