শ্বাসকষ্টে অসুস্থ মদন মিত্রকে ভর্তি করা হল এসএসকেএমে

রাজেন রায়, কলকাতা, ২১ এপ্রিল: অসুস্থ হয়ে পড়েছিলেন ১৭ এপ্রিল ভোটগ্রহণের দিনই। দলীয় অফিসের ভিতরেই নিতে হয়েছিল অক্সিজেন। কিন্তু তারপর থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়নি মদন মিত্রের। আচমকাই শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় এদিন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে কামারহাটির তৃণমূল প্রার্থীকে।

পঞ্চম দফার ভোট চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। বিভিন্ন বুথে ঘুরতে ঘুরতে আচমকাই অসুস্থ হয়ে পড়ায় রথতলার দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয় মদন মিত্রকে। তীব্র শ্বাসকষ্টের জন্য অক্সিজেন দেওয়া হয় মদন মিত্রকে। চিকিৎসকেরা বিশ্রামের পরমার্শ দেন। তারপর থেকেই অসুস্থতা বেড়ে যায় মদন মিত্রের।

শুধু নিজের কেন্দ্র নয়, গোটা বাংলায় দলের হয়ে অনেক জায়গায় প্রচার করেছেন তিনি। পঞ্চম দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে মদন মিত্র ‘বুকের ভিতর অ্যাটমবোম’ বলে হুশিয়ারি দেন। তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন প্রার্থী হওয়া সত্বেও তাঁকে বিভিন্ন বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তারপর থেকে গত চার দিন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে দলীয় প্রচারে দেখা যায়নি। এদিন সকালে ফের তীব্র শ্বাসকষ্ট অনুভব করায় তড়িঘড়ি এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার করোনা টেস্ট করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *