রাজেন রায়, কলকাতা, ১ আগস্ট: মদন মিত্র মানেই নতুন কিছু চমক। কখনো তিনি স্কুটিতে, কখনো তিনি ঘোড়ায়, কখনো আবার টোটো চালান। আর এবার ভবানীপুরের যদুবাবুর বাজারে চা খাওয়ানোর ব্যবস্থা করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
চাকরি দেওয়া এবং ১৫ লক্ষ টাকা প্রতিশ্রুতি দিয়েও কথা রাখতে পারেননি নরেন্দ্র মোদী। তাই রীতিমতো প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করে এক কাপ করে চা খাওয়ানোর ব্যবস্থা করলেন মদন মিত্র। আর সেই এক কাপ চায়ের দাম ছিল ১৫ লক্ষ টাকা। চায়ের নাম দিয়েছিলেন মোদী চা আদানি ব্র্যান্ড।
এই অভিনব চা খাওয়ানো নিয়ে তিনি বলেন, “মানুষ তো ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে পায়নি। তাই ১৫ লক্ষ টাকার এক কাপ চা খাওয়াচ্ছি। মদন মিত্রের অনুগামীরা নরেন্দ্র মোদীর মুখোশ পড়েছিলেন। মদন মিত্রের পরনে ছিল কালো পাঞ্জাবি, মাথায় টুপি, চোখে সানগ্লাস।
তৃণমূল নেতা মদন মিত্র চায়ে গরম চায়ে গরম বলে গরম গরম চা তুলে দেন পথচলতি মানুষদের হাতে। আবার রবিবার সকালে বিজেপির ম্যারাথন দৌড়কে বিদ্রুপ করে পাল্টা মদন মিত্র বলেন, মজার ছলে, ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীদের জন্য প্রতি চায়ের কাপের দাম তিনি রেখেছেন ১৫ লক্ষ টাকা। এই চা তিনি খাওয়াতে চান দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের। অনেকেই কমেন্ট করেছেন তাঁর এই পোস্টটিতে, একজন লিখেছেন অভিনব উদ্যোগে প্রতিবাদের ভাষা প্রয়োগ করেছেন জননেতা মদন মিত্র।

