আশিস মণ্ডল, রামপুরহাট, ১৩ মার্চ: মা তারার টানে তারাপীঠে এসে দুঃস্থদের পাশে দাঁড়াল তারা মা সংঘ। সংঘের পক্ষ থেকে রবিবার এলাকার ৪৩০ জন মানুষের হাতে তুলে দেওয়া হল ২০ কেজি চালের বস্তা এবং একটি করে শাড়ি, কম্বল, মশারি। উত্তর চব্বিশ পরগনার খড়দহ, রহড়া, বেলঘরিয়া এলাকার কিছু সমাজসেবী মানুষ ২০১০ সালে তারা মা সংঘ গড়ে সমাজ সেবায় ব্রতী হন। প্রথম দিকে যৎসামান্য সাহায্য করা হলেও দিন দিন সাহায্যের পরিমাণ বেড়েছে। সংঘের সভাপতি ভবতোষ সাহা, সম্পাদক সুরজিত প্রামানিক, ছন্দক বোসের নেতৃত্বে সংঘের জনসেবা এগিয়ে চলেছে।

সংঘের হিসাব পরীক্ষক পূর্ণেন্দু বোস বলেন, “প্রথম দিকে আমরা চার পাঁচ জন মিলে মন্দিরে খাওয়াতাম। কিন্তু পরে দেখলাম এলাকায় বহু দুঃস্থ মানুষ ছেঁড়া ফাটা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। সেই থেকে আমরা সামান্য সেবা করার সিদ্ধান্ত নিলাম। শনিবার আমরা দেড় হাজার মানুষের মুখে অন্ন তুলে দিতে পেরেছি। এরপরেই তারাপীঠ সংলগ্ন গ্রামে গ্রামে ঘুরে দুঃস্থ মানুষদের চিহ্নিত করে তাদের হাতে কুপন তুলে দিয়ে আসে। রবিবার সকালে তাদের হাতে চাল, শাড়ি, কম্বল ও মশারি তুলে দেওয়া হল। আগামী দিনে সেবার পরিমাণ বাড়ানোর ইচ্ছে রইল। সবই মা তারার ইচ্ছে। আমরা নিমিত্ত মাত্র”।
সংঘের পক্ষ থেকে রাজ্যের মানুষের মঙ্গল কামনায় তারাপীঠ শ্মশানে যজ্ঞও করা হয়।


