রেশন দোকানেই এবার পাওয়া যাবে এলপিজি গ্যাস সিলিন্ডার, নয়া ভাবনা মোদী সরকারের

আমাদের ভারত, ২৮ অক্টোবর:এবার রেশন দোকান থেকেই এলপিজির ছোট সিলিন্ডার পাওয়া যেতে পারে। একই সঙ্গে বিভিন্ন সরকারি আর্থিক পরিষেবা পাওয়া যেতে পারে নিকটবর্তী রেশন দোকান থেকেই। হ্যাঁ রেশন দোকানের ব্যবসাকে লাভজনক করতে ও সাধারণ মানুষের সুবিধার্থে এমনই একাধিক উদ্যোগ নিচ্ছে মোদী সরকার বলে খবর।

বুধবার রাজ্য সরকারগুলির সঙ্গে একটি ভার্চুয়াল মিটিংয়ের পর এই সংক্রান্ত পরিকল্পনা ঘোষণা করেছেন কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে। ওই বৈঠকের পর খাদ্য উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে জারি একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, রেশন দোকানগুলোর ব্যবসাকে স্বচ্ছল করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে কেন্দ্র সরকার। রেশন দোকানের মাধ্যমে ছোট এলপিজি সিলিন্ডারের পাইকারি বিক্রি করার কথা ভাবা হচ্ছে। এছাড়াও সব মানুষের কাছে দ্রুত সরকারের বিভিন্ন আর্থিক পরিষেবা পৌঁছে দিতে রেশন দোকানকে কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে। এক্ষেত্রে মূলধনের যোগানে রেশন দোকানের ডিলারদের সবরকম সাহায্য করা হবে। ডিলারদের জন্য ঋণের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।

সারাদেশের রেশন দোকানের সংখ্যা প্রায় ৫.২৬ লক্ষ। সরকারের এই সুবিধা চালু হলে শুধু রেশন ডিলাররাই নয়, উপকৃত হবেন সাধারন মানুষও।

রাজ্যগুলির সঙ্গে হওয়া ওই বৈঠকে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়াম সহ বিভিন্ন তৈল বিপণি সংস্থাগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিএস সি ই গভর্নেন্স সংস্থার কর্তারাও। সবাই সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। কেন্দ্র সরকারের এই পরিকল্পনা বাস্তবে কার্যকর করতে আগ্রহী রাজ্যগুলিকে সার্বিক সাহায্যের আশ্বাস দিয়েছে মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *