স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ মার্চ:
প্রেমিক যুগলের আত্মঘাতীর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার লাধি গ্রামের আদিবাসী পাড়ায়। মৃত যুবক যুবতীর নাম আরুল ইসলাম ও নূরশাদি বেগম। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় চাকুলিয়া থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকুলিয়া থানার বেলন গ্রাম পঞ্চায়েতের পাটোয়া গ্রামের বাসিন্দা আমিরুদ্দিনের ছেলে আরুল ইসলামের সাথে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল ওই গ্রামেরই বাসিন্দা মুস্তাকিমের মেয়ে নূরশাদি বেগমের। কিন্তু মেয়ের পরিবারের লোকজন তাদের এই প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি। পাশাপাশি মেয়ের বাবা তাদেরই পাশের গ্রামে পাত্রের সাথে বিয়ে ঠিক করে। এদিন বিয়ের তারিখ ঠিক হলে এবং পরিবারের লোকেরা তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় আরুল ও নূরশাদি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয়। সোমবার সকালে লাধি গ্রামের আদিবাসী পাড়ায় একটি জঙ্গলের মধ্যে থাকা গাছে একসাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রেমিক যুগলের মৃতদেহ দেখতে পান গ্রামের বাসিন্দারা৷ মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শোকের ছায়া নেমে এসেছে প্রেমিক যুগলের বাড়ি পাটোয়া গ্রামে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।


