আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৯ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র জমা দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী লাভলী মৈত্র। বারুইপুর আদালতের সামনে থেকে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এদিন র্যালি করে বারুইপুর মহকুমা শাসকের অফিস পর্যন্ত আসেন লাভলী। সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার কয়েক হাজার তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সোনারপুর অঞ্চলের তৃণমূল নেতৃত্বও।

মনোনয়নপত্র পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, খেলা হবে। দলের এত কর্মী-সমর্থকের ভালোবাসা এবং সম্মানে তিনি আজ অভিভূত। আজ তার জীবনের অন্যতম স্মরণীয় দিন। এত মানুষের সমর্থন পেয়ে নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত তিনি। নিজের জয়ের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী যে বিরোধী পক্ষের কোনও প্রার্থীকেই চোখে পড়ছে না তার। বিরোধী দলের কোনও ক্যাপ্টেন নেই এবং খেলোয়াড়ও নেই। এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্ধী বিজেপি প্রার্থী অঞ্জনা বসুর প্রতি শ্রদ্ধা থাকলেও তিনি তাকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ভারতীয় জনতা পার্টি বাংলার সংস্কৃতি নষ্ট করছে বলে তার অভিযোগ।

