সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৭ ডিসেম্বর: পণ্য বোঝাই ট্রাক থেকে মিললো একাধিক মাদক, ওষুধ সহ শাড়ি। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটছে উত্তর ২৪ পরগণার ভারত–বাংলাদেশ পেট্রাপোল-বেনাপোল সীমান্তে। এই ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।
গোয়েন্দা সূত্রের খবর, আগে থেকেই গোপন সূত্রে খবর আসে পেট্রাপোল বিএসএফ জওয়ানদের কাছে। ভারত থেকে ক্যাপসিকামের একটি ট্রাকের মধ্যে নিষিদ্ধ মাদক, সিসা ও নামি কোম্পানির ওষুধ বাংলাদেশে যাচ্ছে। খবর অনুযায়ী নজরদারি শুরু করে জওয়ানরা। ক্যাপসিকাম বোঝাই গাড়ি বাংলাদেশে প্রবেশ করার সময় আটক করে জওয়ানরা। এরপর ওই ট্রাকের নম্বর অনুযায়ী বাংলাদেশের বেনাপোল বন্দরের ৩১ নম্বর শেডে বাংলাদেশ কাস্টমস আধিকারিকদের উপস্থিতিতে ট্রাক থেকে পণ্য আনলোড করে বিপুল পরিমাণ শাড়ি, সিসা (মাদক) এবং ওষুধ পাওয়া যায়।
শুল্ক দফতর সূত্রে খবর, ক্যাপসিকামের আমদানিকারক বাংলাদেশের যশোরের সিয়াম এন্টারপ্রাইজ এবং পণ্য রপ্তানিকারক হলেন ভারতের বনগাঁর মন্ডল ইন্টারন্যাশনাল। সি অ্যান্ড এফ এজেন্ট হলেন বেনাপোলের স্বদেশ ইন্টারন্যাশনাল। স্বদেশ ট্রেডিং এজেন্সি লিমিটেডের কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, ‘আমি শুনেছি ক্যাপসিকামের চালানে কিছু অবৈধ পণ্য পাওয়া গেছে। আমি নিজে ব্যবসা করি না। আমার লাইসেন্সে ফিরোজ হোসেন নামের একজন কাজ করে। বিষয়টি জানতে ফিরোজকে ফোন করলে তিনি বলেন, ‘এখন আমি কিছু বলতে পারব না, পরে বিষয়টি জানাব।

এই বিষয়ে বাংলাদেশ শুল্ক দপ্তরের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, ‘আমরা ভারত থেকে আমদানিকৃত ক্যাপসিকামের একটি ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ শাড়ি, মাদক সহ ওষুধ উদ্ধার করেছি। ট্রাক থেকে সব পণ্য আনলোড করা হয়েছে। তবে এখনও হিসেব করা হয়নি কত টাকার পণ্য রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

