প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর: তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ল ভাটপাড়া এলাকায়। শুক্রবার রাতে ভাটপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা বটতলা এলাকায় সম্মেলনী ক্লাব সংলগ্ন পরিত্যক্ত এক রেলের কোয়ার্টারে প্রচুর পরিমাণে তাজা বোমা মজুত থাকার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
আজ সন্ধ্যেবেলায় ওই অঞ্চলের এক বাসিন্দা পরিতক্ত্য রেল কোয়ার্টারে তাঁর মায়ের শ্রাদ্ধের কাজ করার জন্য পরিষ্কার করতে গিয়ে বোমাগুলি দেখেন। সঙ্গে সঙ্গে তিনি গোটা বিষয়টি থানায় পুলিশকে জানান।

এই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। তারা ঘিরে রাখেন গোটা এলাকা।
ভোটের ফল প্রকাশের পর থেকেই ভাটপাড়া এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেই চলেছে। মাঝে কিছুদিন পুলিশি তৎপরতার কারনে বোমাবাজি সামান্য বন্ধ হয়েছিল। কিন্তু এই বোমা মজুতের ঘটনায় ফের একবার এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, ভাটপাড়াতে আবার নতুন করে অশান্তি ছড়ানোর জন্য দুষ্কৃতীরা বোমা মজুত করছে। আবার দুষ্কৃতীরা তাণ্ডব চালানো পরিকল্পনা করছে। আবার সাধারন মানুষের জীবন অতিষ্ট করার চেষ্টা করবে দুষ্কৃতীরা। তাদের দাবি, দ্রুত দুষ্কৃতীদের খুঁজে বার করুক প্রশাসন। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

