আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ জুলাই: শাশুড়িকে জলপাইগুড়ি সদর হাসপাতালে দেখতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল জামাইয়ের। জখম দু’জন। বুধবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে। মৃতের নাম গণেশ রায় (৩৯)। ময়নাগুড়ি উত্তর মোয়ামারীর বাসিন্দা।
পরিবার সুত্রে জানা গিয়েছে, গতকাল রাতে শাশুড়িকে হাসপাতালে দেখতে ময়নাগুড়ি থেকে বাইকে রওনা দেয় গণেশ। তার সঙ্গে বাইকে ছিল তার দুই বন্ধু নিত্যানন্দ রায় ও হেমন্ত রায়। তিস্তা সেতু এলাকায় দ্রুত গতিতে আসা একটি লরি গণেশের বাইকের পিছনে ধাক্কা মারলে বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গণেশের। দুই বন্ধুকে জখম অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে দু’জনের।
মৃতের আত্মীয় গজেন রায় বলেন, শাশুড়িকে হাসপাতালে দেখতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। লরির ধাক্কায় মৃত্যু হয় গণেশের। তার সংসারে একাই রোজগার করতো গণেশ, তার মৃত্যুতে অসহার হয়ে পড়ল তার পরিবার।

