জয় লাহা, দুর্গাপুর, ৩ সেপ্টম্বর: খরিদ্দারদের সামনে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে, ক্যাশবাক্স থেকে টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুদবুদের মানকর স্টেশন লাগোয়া ক্যাম্পের মোড়ে একটি মুদি দোকানে। ঘটনার ছবি ধরা পড়ল সিসি ক্যামেরায়। আর ওই ছবির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনায় গেছে, শুক্রবার রাত ১০টা নাগাদ মানকর ক্যাম্পের মোড়ে আদিত্য ভান্ডার নামে একটি মুদি দোকানে সশস্ত্র হানা দেয় দুষ্কৃতীদল। ওই দলে চারজন ছিল। সকলের মুখে গামছা এবং মাস্ক বাঁধা। একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। দোকেনে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খদ্দেরদের বের করে দেয়। তারপর দোকান মালিককে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ক্যাশবাক্সের টাকা ব্যাগে ঢেলে নেয়। তারপর দোকানমালিকের পকেটে থাকা টাকাও বের করে নেয়।

দোকানমালিক মন্টু আদিত্য বলেন, “মুখে গামছা বাঁধা একজন রিভিলবার দেখিয়ে খদ্দেরদের বের করে দেয়। হিন্দিতে কথা বলছিল। পরে আরও তিনজন ভেতরে ঢোকে। নিজেরা ক্যাশবাক্সের টাকা ব্যাগে ঢেলে নিল। আমার পকেটে থাকা ২২ হাজার টাকা বের করে নিল। আমাকে মেরে দেওয়ার হুমকি দিচ্ছিল। সব মিলিয়ে নগদ প্রায় ৩০ হাজার টাকা নিয়েছে দুস্কৃতীরা। পুলিশকে ঘটনার বিষয় জানিয়েছি।”
দোকানে থাকা এক প্রত্যক্ষদর্শী খদ্দের বিশ্বজিৎ মন্ডল বলেন, “চারজন আচমকা আসে। একজন রিভিলবার দেখিয়ে বের করে দেয় আমাদের। প্রাণভয়ে দোকানের বাইরে বেরিয়ে যাই। কয়েক মিনিটের অপারেশন সেরে দুষ্কৃতীরা বাইরে একটা বোমা ফাঠায়। তারপর পশ্চিম দিকের রেলগেটের রাস্তা দিয়ে চম্পট দেয়।”
বাসিন্দার জানান,” সম্ভবত দুষ্কৃতীরা গাড়ি নিয়ে এসেছিল। রেলগেটের অপরপ্রান্তে গাড়ি রেখেছিল।”
স্থানীয় ব্যাবসায়ী সমিতির সম্পাদক অসীম বৈদ্য জানান, “এধরনের ঘটনা আগে কখনও হয়নি। মানকর ষ্টেশন লাগোয়া ক্যাম্পের মোড়ে প্রায় ৮০ টির মত ছোট বড় নানান দোকান রয়েছে। ঘটনার পর আমরা আতঙ্কিত। পুলিশের কাছে দুস্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছি। পাশাপাশি ক্যাম্পের মোড়ে পুলিশ টহলের ও সিসিটিভি বসানোর দাবি জানিয়েছি।”
পুলিশ জানিয়েছে, “লিখিত কোনও অভিযোগ আসেনি। সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

