বৈধ পারমিট ছাড়াই বালুরঘাট থেকে অবাধে ছুটছে দূরপাল্লার বাস, উদাসীন প্রশাসনকে লিখিত অভিযোগ বাস মালিকের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ আগস্ট: বৈধ পারমিট ছাড়া দূর পাল্লার বাস চালানোর অভিযোগ বালুরঘাটে। উদাসীন প্রশাসন। অভিযুক্ত বাস মালিকের বিরুদ্ধে আরটিও সহ বালুরঘাট থানায় লিখিত অভিযোগ‌ দায়ের এক বাস মালিকের।

সন্তোষ চৌধুরী নামে ওই বাস মালিকের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে রীতিমতো কাউন্টার খুলে একটি দুরপাল্লার বাস অবৈধ ভাবে হিলি থেকে দিঘা পর্যন্ত যাতায়াত করছে। পারমিট ছাড়াই চলছে যাত্রীবাহী ওই বাসের টিকিট কেনা বেচাও। খোদ প্রশাসনের নাকের ডগায় কিভাবে বিনা পারমিটে প্রতিদিন বাসস্ট্যান্ড থেকে চলাচল করছে ওই দূরপাল্লার বাসটি তা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। শুধু তাই নয়, একশ্রেণির অসাধু বাস ব্যবসায়ী নিয়ম নীতির তোয়াক্কা না করে এক রুটের বাসকে অন্যরুটে চালাচ্ছেন বালুরঘাট থেকে বলে অভিযোগ। আর যার জেরে প্রকৃত বাস মালিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও দাবি করেছেন ওই বাস মালিক সন্তোষ চৌধুরী।

তিনি বলেন, সরকারি নিয়ম মেনে রাস্তায় বাস চলুক। অবৈধভাবে হিলি থেকে ওই বেসরকারি বাসটি দিঘা পর্যন্ত চলাচল করবার কারণেই লিখিত অভিযোগ জানিয়েছেন প্রশাসনকে।

দূরপাল্লা ওই বাসের মালিক অ্যান্টনি সিংহ রায় জানিয়েছেন, সমস্ত কাগজ পত্র তার কাছে আছে। কলকাতা থেকে ফিরেই বিষয়টি দেখাতে পারবেন।

ডিএসপি ট্রাফিক গৌরব ঘোষ জানিয়েছেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। পরিবহন দপ্তরের আধিকারিকের সাথে কথা বলেই এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *