লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব দিতে চলেছে বিজেপি, দাবি কংগ্রেস নেতার

আমাদের ভারত, ২৬ জুলাই: লোকসভার সদস্য সংখ্যা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে বিজেপির। টুইট করে এমনটাই দাবি করেছেন কংগ্রেস সাংসদ মনিশ তিওয়ারি। তবে এই দাবির পরিপ্রেক্ষিতে তিনি এই ধরনের পদক্ষেপ করার আগে দেশের জনগণের মত নেওয়া অত্যন্ত প্রয়োজন বলেও দাবি করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই নতুন সংসদ ভবনে তৈরির কাজ শুরু হয়েছে।

টুইটারে তিনি লিখেছেন,”বিজেপির এক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই লোকসভার সদস্য সংখ্যা এক হাজারেরও বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই কারণেই নতুন সংসদ ভবনে এক হাজারের বেশি আসন নিয়ে তৈরি করা হচ্ছে। যদি সত্যিই তাই হয় তবে এটা করার আগে জনগণের মতামত নেওয়া অত্যন্ত জরুরী।”

এর আগে সংসদ ভবনের সদস্য সংখ্যা দ্বিগুণ করার বিষয়ে সওয়াল করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর মত ছিল দেশের জনসংখ্যা যে হারে বেড়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে জনপ্রতিনিধি সংখ্যাও বাড়ানো দরকার। তার সেই চিন্তা ভাবনাই এবার প্রতিফলিত হতে দেখা যাচ্ছে পদ্মশিবিরেও বলে মত ওয়াকিবহাল মহলের।

কংগ্রেস সাংসদের দাবি, আগামী লোকসভা নির্বাচনের আগেই লোকসভার শক্তি বাড়িয়ে হাজার কিংবা তার বেশি করা হোক এই প্রস্তাব বিজেপি আনতে চলেছে। এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের জনগণের মতামত নেওয়া উচিত বলে মনে করেন মনিশ তিওয়ারি।‌ নতুন সংসদের বসার জন্য যে ব্যবস্থা বা জায়গা রয়েছে তা হাজার আসনের।
কংগ্রেসের অন্য সংসদ কার্তি চিদাম্বরম বলেছেন, “আমাদের মত বড় দেশে আরও বেশি সংখ্যক সরাসরি নির্বাচিত প্রতিনিধি দরকার। কিন্তু যদি এই বৃদ্ধি জনসংখ্যার উপর ভিত্তি করে হয় তাহলে তা দক্ষিণের রাজ্য গুলির ক্ষেত্রে সদস্য সংখ্যা কমিয়ে দেবে, যা কখনোই গ্রহণযোগ্য নয়।”

বর্তমানে লোকসভায় ৫৪৩ ও রাজ্যসভায় ২৪৫ টি আসন রয়েছে। আগেই সংসদে জনপ্রতিনিধি যে বাড়ানো হবে সেই ব্যাপারে সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ নতুনভাবে নতুন সংসদ ভবন তৈরির কাজ চলছে। গত ডিসেম্বরেই অধ্যক্ষ বলেছিলেন অদূর ভবিষ্যতে সংসদের সংখ্যা বাড়াতে হবে। কারন বেশকিছু লোকসভা আসন পিছু জনসংখ্যা পৌঁছে যাবে ১৬-১৮ লক্ষের মত। এছাড়াও তিনি বলেছিলেন সংসদের নিম্নকক্ষের জায়গার অসুবিধার কারণে অনেক সংসদ সদস্যদের অসুবিধা অনুভুত হয়। বর্তমানে যদি লোকসভার সদস্য একসঙ্গে উপস্থিত থাকেন তাহলে চেয়ার থেকে সবাইকে দেখা যায় না। আবার অনেক সংসদকে পিলারের আড়ালে বসতে হয়। এই পরিস্থিতিতে সদস্যরা কাজ করতে গিয়ে অসুবিধায় পড়েন। এছাড়া পুরনো সংসদ ভবনে আধুনিক মাল্টিমিডিয়া সংযোগ এবং আধুনিক ভোট দানের ব্যবস্থা নেই। নতুন সংসদ ভবনে লোকসভায়‌ এই সব ব্যবস্থাই থাকছে বলে জানা গেছে। রাজ্যসভাতেও আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব যাবে বলে শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *