আমাদের ভারত, ৮ মে: বিজেপির নেতৃত্বে রাজ্যে পরিবর্তন আসবেই। গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেই বিজেপি এই পরিবর্তন আনবে। আর এই পরিবর্তন ২০২৬ এর আগেই আসতে পারে। ২০২৪ শেই লোকসভা ও বিধানসভা নির্বাচন একসাথে হয়ে যেতে পারে। হ্যাঁ এমনটাই ইঙ্গিত দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার বলেন, “আমরা পরিবর্তন করতে চাই, পরিবর্তন হবে। আমরাই এই পরিবর্তন করবো। ২০২৬-শেই পরিবর্তন হবে। আমি এটাও বলে রাখছি হয়তো ২৪-এ একসঙ্গে দুটো নির্বাচন হতে পারে। বিধানসভা এবং লোকসভা।” একই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দেন যে তারা পরিবর্তন করতে গিয়ে তৃণমূল কংগ্রেস হয়ে উঠতে চান না। কারণ পরিবর্তনের কথা বলে তৃণমূল কংগ্রেস এগারো সালের আগের বামফ্রন্টে পরিণত হয়ে গেছে। খুন-ধর্ষণ রাহাজানির ঘটনায় মানুষের জীবন অতিষ্ট, মানুষের মুখ খোলার অধিকার নেই, বিরোধীদের দাঁড়ানোর অধিকার নেই। এটা ঠিক বামফ্রন্টের এগারো সালের পূর্বের অবস্থা। তিনি আশ্বাস দেন, “আমরা প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে পরিবর্তন আনতে চাই। যাকে প্রকৃত পরিবর্তন বলে।
একই সঙ্গে তিনি কটাক্ষের সুরে বলেন, “তৃণমূল কংগ্রেসের দলের ভেতরে স্বাস্থ্য খুব একটা ভালো নয় খুব একটা সুখকর নয়”। অর্থাৎ তাঁর দাবি অন্তর্দ্বন্দ্বে জর্জরিত শাসক দল। ফলে এই পরিস্থিতিতে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে না তৃণমূল কংগ্রেস। আর পরিস্থিতি এমন হবে যে ২৬ এর বদলে ২০২৪ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়ে যেতে পারে।

