রাজেন রায়, কলকাতা, ১৪ মার্চ: কিছুদিন আগে উত্তর প্রদেশ হাথরাস কাণ্ড নিয়ে তার অশালীন মন্তব্যের রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। এবার ফের অশালীন ভাষায় লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ায় অভিনেতা তথা তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের সমর্থনে একটি সভায় এসে তিনি বলেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচনে যদি গলার লকেটকে পায়ের নুপুর না বানিয়েছি তো আমার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়।”
দিন কয়েক আগে কল্যাণের যে ভিডিও লকেট শেয়ার করেছেন সেই প্রসঙ্গে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, “লকেট অর্ধ সত্য প্রকাশ করেছেন। এর দ্বারা লকেট চট্টোপাধ্যায়ের বিকৃত মানসিকতা প্রকাশ পাচ্ছে।” এরপরেই হুগলির সাংসদের উদ্দেশ্যে কার্যত হুমকির সুরে কল্যাণ বলেন, লকেটেরও অনেক অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তাঁর কাছে আছে। যার মধ্যে মাদক মামলায় ধৃত পামেলা গোস্বামীর সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতম মুহূর্তের ছবিও তাঁর মোবাইলে আছে বলে দাবি করেন কল্যাণ।
এরপরই আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, “নন্দীগ্রামে তৃণমূলের গদ্দার শুভেন্দু অধিকারীকে ৫০ হাজার ভোটের ব্যবধানে হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” একইসঙ্গে ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কেও ২৫ হাজারের বেশি ভোটে হারানো হবে বলে দাবি করেন তিনি। কল্যাণ বলেন, “শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষালের মতো নেতারা তৃণমূল ছাড়ায় ভালই হয়েছে। তাতে বাংলার সমস্ত তৃণমূল কর্মীরা একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারছেন। ২ মে ভোটের ফলাফল প্রকাশের পর যখন বিজেপির নেতানেত্রীরা ইঁদুরের মতো গর্তে ঢোকার চেষ্টা করবেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল রবীন্দ্রসঙ্গীত বাজাবে না, বরং ওই ইঁদুরদের সঠিক জায়গায় পাঠানোর ব্যবস্থা করবে।”

