সাথী দাস, পুরুলিয়া, ২ নভেম্বর: গ্রাম দখলদারি নয়, গ্রামকে আপন করে ত্রি-স্তর পঞ্চায়েত ভোট যুদ্ধে নামতে চাইছে পদ্ম শিবির। সেই লক্ষ্যে দলের শক্তি বৃদ্ধি করতে জেলায় জেলায় সাংগঠনিক সভা করছে রাজ্যের প্রধান বিরোধী দল। সেই আঙ্গিকে এবার পুরুলিয়া জেলায় সাংগঠনিক সভা হয়ে গেল।
গত বারের নির্বাচনে অভূতপূর্ব সাড়া পেয়েছিল পদ্ম শিবির। সেই সাফল্যের মাপকাঠি পার করতে সাংগঠনিক শক্তিকে চাঙ্গা করতে উদ্যোগী হয়েছে দল। আজ পুরুলিয়া শহরের রাজগড়িয়া ধর্মশালায় জেলা সাংগঠনিক সভা হয়ে গেল। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই সাংগঠনিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বুথ সশক্তিকরণ থেকে আগামী দিনে কোন পথে আন্দোলন হবে, সাংগঠনিক দুর্বলতা থেকে ঘরোয়া কোন্দল মেটানোর পথ, সবই উঠে আসে বৈঠকে।
২০২৪-র লোকসভা নির্বাচনকে ফাইনাল ম্যাচ ধরে নিয়ে পঞ্চায়েত ভোটকে তারা সেমিফাইনাল হিসেবেই দেখতে চাইছে। তাই একদিকে যেমন সংগঠন সাজাতে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। পাশাপাশি পঞ্চায়েত স্তরে ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তোলার ডাক দেয় নেতৃত্ব। আজ বিজেপির রাঢ় বঙ্গ জোনের(৮ টি সাংগঠনিক জেলা) দায়িত্বে থাকা লকেট চট্টোপাধ্যায়, আহ্বায়ক লক্ষণ ঘোড়ুইয়ের পৌরহিত্যে এবং পুরুলিয়া বিভাগের আহ্বায়ক বিদ্যাসাগর চক্রবর্তীর উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। অংশ নেন পুরুলিয়া জেলার পদাধিকারীরা, ৭ টি মোর্চার জেলা সভাপতি,বলরামপুর ও জয়পুরের বিধায়করা।

পুরুলিয়া ও আসানসোল সাংগঠনিক জেলাকে নিয়ে পুরুলিয়া বিভাগ গড়া হয়েছে। আগামী ১৫ নভেম্বর আসানসোলে পুরুলিয়া বিভাগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। সেই সাংগঠনিক বৈঠকের নেতৃত্ব দেবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মঙ্গল পান্ডে। থাকবেন বিজেপি রাজ্য নেতৃত্বও বলে জানান বিভাগীয় ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী।

বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, “সাংগঠনিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বুথ সশক্তিকরণ, পঞ্চায়েত স্তরে ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তোলা প্রভৃতি বিষয় রয়েছে।”

