“ভোট লুটের শিক্ষা দিতে রাজ্য ভ্রমণে বেরিয়েছেন,” অভিষেক ব্যানার্জির জন সংযোগ যাত্রাকে কটাক্ষ লকেট চ্যাটার্জির

জয় লাহা, দুর্গাপুর, ২৬ এপ্রিল: “সুরক্ষার আশায় মহিলারা ২০১১ সালে বিপুল ভোট দিয়েছিল মমতা ব্যানার্জিকে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে মহিলারাই সবচেয়ে বেশি অসুরক্ষিত। এই মহিলা মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক।” দুর্গাপুরের  লাউদোহায় এক দলীয় কর্মসূচিতে এসে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করলেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। একইসঙ্গে অভিষেক ব্যানার্জির জন সংযোগ যাত্রাকে কটাক্ষ করে তিনি বলেন, ভোট লুটের শিক্ষা দিতে রাজ্য ভ্রমণে বেরিয়েছেন।  

উল্লেখ্য, দুয়ারে কড়া নাড়ছে রাজ্য পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। শুরু হয়েছে বুথ স্বশক্তিকরণ কর্মসূচি। বুধবার দুর্গাপুরের পান্ডবেশ্বর বিধানসভার এরকমই এক কর্মসূচিতে যোগ দেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন লাউদোহায় দলের কার্যকারিনী বৈঠকে তিনি দলীয় কর্মীদের সব কথা শোনেন ও আগামী পঞ্চায়েত ভোটে দলের রণকৌশল কি হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এদিন বক্তব্যের আগাগোড়া ছিল রাজ্যের শাসক দল ও রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে কড়া সমালোচনার সুর।

এদিন কালিয়াগঞ্জের কিশোরী খুনের ঘটনায় পুলিশের মৃতদেহ উদ্ধারের ভূমিকায় তীব্র নিন্দা করে বলেন, “পুলিশ যেভাবে একটা মেয়ের মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এটা নির্মমতার নজির।” এদিন পুলিশের ওপর জনতার রোষানল প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশকে মারধর কখনই সমর্থনযোগ্য নয়। কিন্তু, এই পরিস্থিতি তৈরী হল কেন? এই ঘটনার জন্য পুলিশই দায়ী। পুলিশ তৃণমূলের দলদাসের কাজ করছে। ঘটনার সঠিক তদন্ত না করে প্রমাণ লোপাট করছে। ফলে সেখানের জনগণ ক্ষেপে গেছে।” তিনি আরও বলেন, “পুলিশের কাজ বিচার করা। দোষীদের তদন্ত করে খুঁজে বের করা। অপরাধীদের শাস্তি দেওয়া। কিন্তু ঘটনা ধামাচাপা দেওয়ার কাজ করছে। পুলিশ দলদাস হয়ে কাজ করছে।”

এদিন নরেন্দ্রপুরে পুলিশ হেপাজতে থাকা এক বিচারাধীনের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,
“এরকম অনেক ঘটনা ঘটেছে। জেলেও সুরক্ষা নেই। পুলিশ সুরক্ষা দিতে ব্যর্থ। রক্ষকই ভক্ষক।” এদিন কালিয়াগঞ্জের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “সুরক্ষার আশায় মহিলারা ২০১১ সালে বিপুল ভোট দিয়েছিল মমতা ব্যানার্জিকে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে মহিলারাই সবচেয়ে বেশি অসুরক্ষিত।” তিনি আরও বলেন, “রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে, মহিলারা বেশি অত্যাচারিত। শিশু নির্যাতনে এগিয়ে বাংলা। ঘটনার তদন্তের আগে রাজ্যের শিশু কল্যাণমন্ত্রী আগাম বিবৃতি দিচ্ছেন বিষ খেয়ে মারা গেছে। তাই এই মহিলা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি, পদত্যাগ করুক।” এদিন কেন্দ্রীয় শিশুর সুরক্ষা কমিশনকে ঘটনাস্থলে ঢুকতে বাধা ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, “ইগোর লড়াই। রাজ্যে মহিলাদের বিচার নেই।  ঘটনাকে অন্যদিকে ঘোরানো হচ্ছে। তাই কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনকে ঢুকতে দিচ্ছে না। তাই আমরা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত চাইছি। সিবিআই তদন্ত হোক।”

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন সংযোগ যাত্রাকে কটাক্ষ করে তিনি বলেন, “ভোট লুটের শিক্ষা দিতে রাজ্য ভ্রমনে বেরিয়েছেন।” গোপন ব্যালটে নির্বাচনের তৃণমূল প্রার্থী বাছাই নিয়ে রাজ্যজুড়ে দফায় দফায় তৃণমূল কর্মীদের অশান্তি প্রসঙ্গে লকেট চ্যাটার্জির মন্তব্য,” এ তো শুধু ট্রেলার চলছে, সিনেমা এখনও বাকি। তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে। পঞ্চায়েত নির্বাচনে কতটা হিংসা, অশান্তি ছড়াবে, তা এখন থেকেই বোঝা যাচ্ছে।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *