আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ মার্চ: কাঁথিতে এসে বিজেপির রাজ্য নেত্রী লকেট চ্যাটার্জি শিশির অধিকারীর সঙ্গে দেখা করলেন। আজ দুপুরে অধিকারী পরিবারের বাসস্থান শান্তিকুঞ্জে গিয়ে শিশির অধিকারী সহ শুভেন্দু অধিকারীর পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে দেখা করে কথা বলেন এবং সেখানে দুপুরের আহার গ্রহণ করেন। শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে তিনি বলেন, এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎকার। শিশির অধিকারীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক।

২০২১ এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৮ দফা ভোটের মধ্যে প্রথম দফায় আগামী ২৭ মার্চ কাঁথি উত্তর ও দক্ষিণ সহ পূর্ব মেদিনীপুরের ৭টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। এবারের এই ভোটের প্রচারে আগামী ২০ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাঁথিতে জনসভা করতে আসবেন। তারই প্রস্তুতি দেখতে আজ কাঁথিতে এসেছিলেন বিজেপি রাজ্য নেত্রী লকেট চ্যাটার্জি। দলীয় কাজের পাশাপাশি তিনি শান্তিকুঞ্জে গিয়ে শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন। তার এই সৌজন্যমূলক সাক্ষাৎকারের সময় অবশ্য কোনও সংবাদমাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি ফলে শিশির অধিকারী এবং লকেট চ্যাটার্জির মধ্যে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে লকেট চ্যাটার্জি শান্তিকুঞ্জ থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শিশির বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। দুপুরে মাছ ভাত খেয়েছি। আর তার সঙ্গে শুক্তো সহ আরও অনেক কিছু খেয়েছি। পান খেয়ে বেরোলাম।

তিনি আরও বলেন, এই সাক্ষাৎকার নেহাতই সৌজন্যমূলক। কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামবেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে বাবা সবসময়ই ছেলের পাশে থাকেন এটাই স্বাভাবিক। শিশির অধিকারীও স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর পাশে থেকেছেন এবং থাকবেন।

