অডিও টেপ প্রকাশ করে কালীঘাট থানার তদন্তের মুখে লকেট চট্টোপাধ্যায় ও অমিত মালব্য

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ এপ্রিল:
মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও টেপ প্রকাশ করে মামলার মুখে পড়লেন লকেট চট্টোপাধ্যায় এবং অমিত মালব্য। শীতলকুচি নিয়ে তৃণমূল সুপ্রিমোর অডিও টেপ হেস্টিংসে সাংবাদিক বৈঠক করে প্রকাশ করেছিলেন হুগলির সাংসদ। সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা অমিত মালব্য। দুজনের বিরুদ্ধেই এবার কালীঘাট থানায় মামলা রুজু করল রাজ্যের শাসক দল।

শীতলকুচি কান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও টেপ প্রকাশ করা নিয়ে তৃণমূল আগেই কমিশনে অভিযোগ জানিয়েছিল। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় অডিও টেপ কাণ্ডে সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করেন। তিনি অভিযোগ করে বলেন, “আমার ফোনে আড়িপাতা হচ্ছে। আমার ব্যক্তিগত জীবনে প্রবেশ করছে বিজেপি। এটা একেবারেই অসাংবিধানিক। ক্ষমতায় ফিরে এই নিয়ে আমি তদন্ত করব।” সিআইডিকে দিয়ে ফোন ট্যাপ করা তদন্ত হবে বলে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তার তদন্তের হুঁশিয়ারির পর কসবার মহিলা তৃণমূল কংগ্রেসের এক কর্মী কালীঘাট থানায় একটি এফআইআর করেন। কালীঘাট থানার তরফে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে সূত্রের খবর। একজন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার তদন্তের দায়িত্ব পেয়েছে বলে লালবাজার সূত্রে জানাগেছে। অডিও টেপ প্রকাশ করার জন্য সরাসরি লকেট চট্টোপাধ্যায় ও অমিত মালব্যকে অভিযুক্ত করেছেন অভিযোগকারী। এব্যাপারে লকেট চট্টোপাধ্যায় বলেন, কে অডিও টেপ ফাঁস করেছে তা সময় বলবে। অডিও টেপে মুখ্যমন্ত্রী নিজে অনেক আপত্তিকর কথা বলেছেন। তদন্ত হলে তারও তদন্ত হবে বলে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এরপর হুগলির সাংসদ বলেন, আমার বিরুদ্ধে বহু মামলা দিয়েছে তৃণমূল। এই মামলাটা সেই সংখ্যাটা বাড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *