আমাদের ভারত, ৬ মে:সুনামির মতো কোভিডের দ্বিতীয় ঢেউয়ে উথাল পাতাল দেশ। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে আবারও লকডাউন ঘোষণার কথা কি ভাবছে সরকার? এই প্রশ্নই এখন ঘুরছে মানুষের মুখে মুখে। একাধিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে লকডাউন প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। দিল্লি সরকারি মহল থেকেও সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার সেই ইঙ্গিত পাওয়া গেল নীতি আয়োগের সদস্য জাতীয় কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পলের কথায়। সাংবাদিকরা তাকে লকডাউন হবে কি না তা নিয়ে প্রশ্ন করলে, তিনি বলেন বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে। দিন কয়েক আগেই আমেরিকার বিশিষ্ট এপিডেমিওলজিস্ট অ্যান্টনি বলেছেন, এখন ভারতে কোভিডেরযা পরিস্থিতি তা থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে অবিলম্বে দেশজুড়ে লকডাউন চালু করা উচিত।
শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে কেন্দ্র যে আক্ষরিক অর্থে ভাবতে শুরু করেছে। এবার তার ইঙ্গিত পাওয়া গেল নীতি আয়োগের সদস্য ভি কে পলের কথাতেই।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন সংক্রমনের রাশ টানাতে ইতিমধ্যেই সরকারি পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছে। পরিস্থিতি বুঝে এলাকায় নাইট কারফিউ জারি করা, কড়া বিধি-নিষেধ আরোপ করা, জেলা- শহর গুলির সঙ্গে নিয়মিত যোগাযোগের উপর নজর দেওয়া হচ্ছে। তিনি আরো বলেছেন, এইসময় কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ার হার ১০% বেড়ে গিয়েছে। দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে আইসিইউ শয্যার ৬০% ভর্তি হয়ে গেছে। তাই যদি এরপর অন্যরকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দরকার হয়, তাহলে সে গুলি কি কি হবে তি নিয়েও কথাবার্তা চলছে। যখন যেমন প্রয়োজন হবে তেমন মতো ব্যবস্থা নেওয়া হবে।

