করোনার সাংঘাতিক পরিস্থিতি! ৬-৮ সপ্তাহ দেশে লকডাউন প্রয়োজন, মত আইসিএমআরের প্রধানের

আমাদের ভারত, ১৩ মে: দেশজুড়ে করোনার পরিস্থিতি সাংঘাতিক রূপ নিয়েছে। হাসপাতালগুলিতে বেড নেই, অক্সিজেন নেই, চারিদিকে সর্বজন হারানোর আর্তনাদ। শ্মশানে দেহ সৎকারের জায়গা মিলছে না। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের প্রধান ডাক্তার বলরাম ভার্গব। তিনি পরিস্থিতি সামাল দিতে দেশে বেশি সংক্রমিত জেলায় ৬-৮ সপ্তাহ সম্পূর্ণ লকডাউনের পরামর্শ দিয়েছেন। ভার্গবই প্রথম সরকারি উচ্চপদস্থ আধিকারিক যিনি দেশে লম্বা লকডাউনের কথা বললেন।

ডাক্তার ভার্গব বলেছেন, দেশের ৭১৮টি জেলার চারভাগের তিনভাগ অংশেই করোনা সংক্রমনের হার ১০% এর বেশি। যার মধ্যে রয়েছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু। দেশের যে জেলাগুলোকে করোনা সংক্রমনের হার ১০ শতাংশের বেশি সেই জেলাগুলিতে ৬-৮সপ্তাহ লকডাউন রাখার প্রয়োজন। সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নামলে তবেই লকডাউন তুলে দেওয়া যেতে পারে।

লকডাউনের কথা বলতে গিয়ে দিল্লির প্রসঙ্গ টেনে ডক্টর বলরাম ভার্গব জানান, একটা সময় দিল্লিতে সংক্রমণের হার ৩৫ শতাংশ পৌঁছে গিয়েছিল। যদিও এখন তা কমে ১৭ শতাংশের নিচে দাঁড়িয়েছে। তাঁর মতে যদি এই মুহূর্তে দিল্লিতে লকডাউন তুলে দেওয়া হয় তার ফলাফল হবে মারাত্মক।

যদিও অর্থনৈতিক অবস্থা ভাঙার আশঙ্কায় কেন্দ্রের মোদী সরকার আগেই সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনা উড়িয়েছেন। সরকার বার বার বলতে চেয়েছেন চলতি বছরে অর্থনীতির অবস্থা গতবছরের তুলনায় ভালো। বহু শ্রমিক যারা গ্রামে ফিরে গিয়েছেন তারা ১০০ দিনের কাজের দ্বারা গ্রামীণ অর্থনীতিকে চাঙা করেছেন। তাই এই পরিস্থিতিতে ফের লকডাউন ঘোষণা করলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আর সেই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো এরপর মুশকিল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *