আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি:করোনার নয়া প্রজাতি ঘিরে আবারও নতুন করে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে। মহারাষ্ট্রে বাড়তে থাকা সংক্রমণে লাগাম টানতে আমরাবতী জেলার দুই শহরে নতুন করে সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। আগামী এক সপ্তাহের জন্য অমরাবতী ও অচলপুর নামে দুই শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুরে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী যশোমতী ঠাকুর নতুন করেই লকডাউনের ঘোষণা করেন। এর আগে অবশ্য রবিবার সকাল থেকেও সোমবার সকাল পর্যন্ত অমরাবতীতে লকডাউনের কথা ঘোষণা করেছিল জেলাশাসক। কিন্তু তাতে সংক্রমনে লাগাম টানা যায়নি। তাই এক সপ্তাহ পুরোপুরি লকডাউন ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। করোনা বিধি পালনের ক্ষেত্রে কড়াকড়ি জারি করা হয়েছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিধি ভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুনেতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ জারি করা হয়েছে। শেষ কয়েক মাসে দেশজুড়ে করোনা সংক্রমণে গ্রাফটা নীচে নেমেছিল। কিন্তু আচমকাই আবারও নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। করোনার এই নতুন প্রজাতি মহারাষ্ট্রেই প্রথম ধরা পরে। এই রাজ্যে রবিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২৪১ জন। এই সংখ্যা আবারও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

