সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ মে: ভূগর্ভের জলে মাত্রাতিরিক্ত আর্সেনিক। আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহের সরকারি প্রকল্পগুলিও মুখ থুবড়ে পড়েছে। তাই বাধ্য হয়েই বোতলবন্দি জল কিনে খাচ্ছেন হাজার হাজার মানুষ। কিন্তু সেই জলেও বিষ। কারণ, বোতলবন্দি জলের চাহিদা বেড়ে যাওয়ায় উত্তর ২৪ পরগনা জেলা-সহ বিভিন্ন জেলায় সম্পূর্ণ বেআইনি ভাবে মাটির নীচ থেকে জল তুলে কোনও রকম পরিশোধন প্রক্রিয়া ছাড়াই বোতলে ভরে তা বিক্রি করা হচ্ছে ‘মিনারেল ওয়াটার’ নামে।

আজ সেই কারখানায় হানা দিল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মছলন্দপুর এলাকায়। ওই কারখানার মালিক মন্টু সাহাকে গ্রেফতার করে। খবর পেয়ে এদিন দুপুরে মছলন্দপুরে একটি অবৈধ জল কারখানায় তল্লাশি চালায় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল। কারখানা থেকে উদ্ধার হয় কয়েক হাজার জলের জার ও সিল প্যাক ৬০০ এমএল জল ভর্তি বোতল। এরপর কারখানার সমস্ত দিক ক্ষতিয়ে দেখতে শুরু করেন ইডির আধিকারিকরা, কিন্তু কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পাওয়ায় জলের বোতল ও জলের জার বাজেয়াপ্ত করে ইডি।
অভিযুক্ত মন্টু সাহা পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, লাইসেন্স ছাড়ায় সে বিভিন্ন নামিদামি কোম্পানির সিল ব্যবহার করে সেই জল বিক্রি করতেন।

