পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: মেদিনীপুর শহরের গোলাপিচক এলাকায় বেলা সাড়ে ১১ টা থেকে এলাকার প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের দাবি, শহরের বাইপাস রাস্তার মেরামতি করা হয়েছে ভাঙ্গা ইঁট ও বিভিন্ন রকম ডাস্ট দিয়ে। তারপর বিভিন্ন যানবাহন যাতায়াতের ফলে ধুলো উড়ে এলাকাকে ঢেকে দিচ্ছে। ধুলোর ফলে রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় এই অবরোধ।
মেদিনীপুর শহর সংলগ্ন গোলাপীচক এলাকা দিয়ে একটি বাইপাস রাস্তা রয়েছে। এফসিআই গোডাউনের মালবাহী লরি সহ বাস ও ভারি বিভিন্ন যানবাহন প্রতিদিনি শয়ে শয়ে যাতায়াত করে। রাস্তাটির বিভিন্ন জায়গা খানাখন্দে ভরে গিয়েছিল। বর্ষার সময় ভাঙ্গা ইট ও অন্যান্য বিভিন্ন রকম সামগ্রী দিয়ে রাস্তা সারানো হয়েছিল। তার ওপর দিয়ে যানবাহন চলার কারণে ধুলো ঝড়ের সৃষ্টি করছে। এছাড়া পাশাপাশি থাকা বিভিন্ন বাসিন্দাদের বাড়ি গাছপালা দোকান সব ধুলোয় ঢেকে যাচ্ছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত রাস্তার পাশে থাকা লোকজনদের মাস্ক পরতে থাকতে হচ্ছে। জানালা খোলা বন্ধ করতে হয়েছে ধুলোর ভয়ে। ব্যবসায়ীদের দোকান ঢেকে দেওয়া হয়েছে সাদা ত্রিপলে। এক রাত রাস্তার পাশে গাড়ি রাখলে ধুলোয় ঢেকে যাচ্ছে বলে অভিযোগ। গাছপালার সমস্ত পাতা ধুলোয় ঢেকে গিয়েছে।

স্থানীয় বাসিন্দা অনিমা সামন্ত বলেন, “প্রচুর ধুলার কারণে বহু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই এলাকায়। আমার মেয়ের অসুস্থ হওয়ায় ডাক্তারকে দেখাতে ডাক্তার জানায় ধুলো থেকে এলার্জি হয়েছে। সব সময় আমাদের মাস্ক পরে থাকতে হয়।”
স্থানীয় বাসিন্দা অরিজিৎ সোম বলেন, “এই এলাকার প্রতিটি পরিবারের সদস্যরা অতিরিক্ত ধুলোর কারণে কোনো না কোনো রোগে আক্রান্ত। প্রশাসনের আধিকারিকদের বহুবার বলা হয়েছে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। তাই এই অবরোধ বিক্ষোভ।”
ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। সামাল দিতে ছুটে আসতে হয় কোতোয়ালি থানার পুলিশকে। তারা সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

