শান্তিপুরে পিডব্লিউডি’র এক্তিয়ারভুক্ত জায়গা এক ব্যক্তি ঘিরে নেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ এলাকাবাসীদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ আগস্ট: নদিয়ার শান্তিপুর শহরের এনএস রোড ন্যাশনাল হাইওয়ের সাথে সমন্বয়কারী একমাত্র প্রধান রাস্তা। ওই রাস্তা থেকে শান্তিপুর বিবাদীনগর এলাকায় ঢোকার মুখে জয়ন্ত দেবনাথের বাড়ি। এলাকাবাসীর অভিযোগ, জয়ন্ত বাবু এর আগেও পৌরসভার ড্রেন নিজের বাড়ির মধ্যে রেখে সীমানা দিয়েছিলেন অস্থায়ীভাবে। এবার সেই সীমানা পাকাপাকি করতে প্রাচীর নির্মাণ এবং গেট নির্মাণের প্রস্তুতি নিলে বাধে বচসা।

জয়ন্তবাবু জানান, অনেকেই পিডব্লিউডি’র জায়গা ব্যবহার করে, এক্ষেত্রে অন্যায় কিছু নেই। এলাকাবাসীদের দাবি, ব্যবহার করা এবং স্থায়ীভাবে নির্মাণ কার্যের মধ্যে পার্থক্য অনেক। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। ঘটনাস্থলে শান্তিপুর পৌর প্রশাসক মন্ডলীর সদস্য যতন সরকার এসে পৌঁছান।

এ বিষয়ে পৌরসভা পিডব্লিউডির সাথে কথা বলা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। এলাকাবাসীরা জয়ন্ত বাবুর কথায় আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয়। তবে পিডব্লিউডি’কে লিখিত অভিযোগ জানান এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *