ডেলিভারি বয়কে আটকে রেখে শান্তিপুরে বিক্ষোভ এলাকাবাসীদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ ডিসেম্বর: বিভিন্ন কোম্পানির জিনিস গ্রাহকদের অর্ডার মাফিক পৌঁছে দেওয়ার জন্য রাখা ডেলিভারি বয়রা রাস্তার মাঝখানে বিভিন্ন জিনিসপত্র খুলে তা পাল্টে দিচ্ছে বলে অভিযোগ তুলে নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া ঘোষপাড়া এলাকায় এক ডেলিভারি বয়কে প্রায় তিন ঘন্টা ধরে আটকে রেখে বিক্ষোভ দেখালেন এলাকার লোকজন।

তাদের অভিযোগ, গ্রাহকদের অর্ডার মাফিক বিভিন্ন জিনিসপত্র ডেলিভারি বয়দের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেওয়া হয়ে থাকে। অথচ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার আগে রাস্তার মাঝখানে সেই সব জিনিসপত্র ডেলিভারি বয়রা পাল্টে দিচ্ছে। তার বদলে অন্য জিনিসপত্র ভরে প্যাকেজিং করে তা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পর গ্রাহকরা তা নিতে অস্বীকার করছেন। ফলে তারা ক্ষতির শিকার হচ্ছেন। ওই এলাকায় এমন ক্ষতির শিকার হয়েছেন প্রায় ১৬ থেকে ১৭ জন।

যদিও বৃহস্পতিবার বাবলু দাস নামে এমন একজন ডেলিভারি বয়কে হাতেনাতে ধরে ফেলেন। যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই রাস্তার মাঝখানে জিনিসপত্র পাল্টে নেওয়ার অভিযোগ রয়েছে এলাকার লোকজনের। হাতেনাতে ধরে ফেলার পর অবশ্য অরূপ বিশ্বাস নামে একজনের টাকা ফেরত দিয়ে দিয়েছেন ওই ডেলিভারি বয়।

যদিও বাবলু দাস নামে ওই ডেলিভারি বয়ের বক্তব্য, “আমাদের যেমন জিনিস ডেলিভারি করতে দেওয়া হয় আমরা তেমন জিনিসই গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে থাকি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেটা ঠিক নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *