জল নিকাশির দাবিতে কোলাঘাটের সিদ্ধা ১নং গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ এলাকার মানুষের

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: সাম্প্রতিক বর্ষার জমা জল দ্রুত বের করা, উত্তর জিয়াদা ও শ্রীধরবসান গ্রামের প্রধান রাস্তাগুলি পাকা করা, জলে ডুবে নষ্ট হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির সংস্কার এবং ফুল ও মাছচাষিদের ক্ষতিপূরণ সহ ৫ দফা দাবিতে আজ বিকালে সিদ্ধা-১গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভে সামিল হয় এলাকার মানুষ। উত্তর জিয়াদা ও শ্রীধরবসান গ্রাম উন্নয়ন কমিটির ব্যানারে আগত প্রায় শতাধিক বাসিন্দারা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে স্মারকলিপি জমা দেয়।

বাসিন্দাদের অভিযোগ, গ্রাম দুটি সংলগ্ন দেউলবাড় লকগেটের ঠিকমত কাজ না করায় এবং কোলাঘাটের দেহাটী লকগেটের ৬টি সাটারের মধ্যে ২টি সাটার অকেজো থাকায় বর্ষার জল ঠিকমতো বের হচ্ছে না। সেজন্য নিম্নচাপের পনেরো-কুড়ি দিন পরও গ্রামদুটিতে জল জমে অধিকাংশ রাস্তা জলের তলায়। ফুলচাষের জমি এবং পুকুর জলে ডুবে নষ্ট হয়েছে।
আজকের এই বিক্ষোভে নেতৃত্ব দেন, কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক।

নারায়ণ নায়েকর অভিযোগ, নিবিড় পঞ্চায়েত ব্যবস্থা চালুর ৪৪ বছর পরও গ্রাম দুটির কোন প্রধান রাস্তাটি পুরোপুরি ঢালাই হয়নি। ফলে প্রতি বছর বর্ষায় বাচ্চাদের যাতায়াত বন্ধ রাখতে হয়। অথচ নানা ধরনের জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা গ্রামোন্নয়নের কাজের বিরাট তালিকা নিয়ে বক্তৃতা করে চলেছেন।
বিক্ষোভের পর উপপ্রধান আগামীকাল থেকেই দেউলবাড় লকগেটের সামনে যে সমস্ত আবর্জনা ও জঞ্জাল জল বেরিয়ে যেতে বাধা সৃষ্টি করছে, তা সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *