ব্যারাকপুরের নয়াবস্তি মাঠ ঘিরে ফেলার নির্দেশের প্রতিবাদে ক্যান্টনমেন্ট বোর্ডের বিরুদ্ধে আন্দোলনে স্থানীয় বাসিন্দারা

আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ জুন: ব্যারাকপুর নয়া বস্তি খেলার মাঠটি ঘিরে ফেলার কাজ রুখে দিল এলাকার বাসিন্দারা। ভারতবর্ষের অন্যতম প্রাচীন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার নয়াবস্তি খেলার মাঠ ঘিরে ফেলার নির্দেশ দেওয়া হয় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের তরফ থেকে। সেইমতো মঙ্গলবার ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে মাঠ ঘিরে ফেলার কাজ শুরু করা হয়। সেই সময় স্থানীয় বাসিন্দারা এই মাঠ ঘিরে ফেলার প্রতিবাদ জানান। তারা মাঠ ঘিরতে আসা কর্মীদের কাজে বাধা দেন। তখন বাধার মুখে পড়ে কাজ বন্ধ রেখে ফিরে যেতে বাধ্য হয় ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মীরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই মাঠে সমস্ত ধর্মের মানুষদের পরব, আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহরমের মেলা থেকে হিন্দুদের পুজো পার্বণ সব কিছুই অনুষ্ঠিত হয় এই মাঠে। এই মাঠ একটা সম্প্রীতির বার্তা দিয়েছে সব সময়। এমন কি এলাকার এই একটি মাত্র মাঠ বাচ্চাদের খেলার একমাত্র জায়গা। তাছাড়া এই এলাকাটি বস্তি এলাকা এবং এখানে ঘর বাড়ি অত্যন্ত ঘিঞ্জি। এলাকার মানুষের প্রাণ খুলে শ্বাস নেওয়ার জায়গা হল এটি। তাই সেই মাঠ বাঁচানোর দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হন নয়াবস্তি এলাকার বাসিন্দারা। তাদের আরো বক্তব্য, এলাকায় একমাত্র খেলার মাঠ রয়েছে এটি শুধুমাত্র বাচ্চাদের খেলাধূলা, বয়স্ক মানুষের প্রাতঃভ্রমণ কিংবা ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় মাঠে সেই কারণে তারা এই মাঠ কোনো সময় ঘিরতে দেবেন না।

এদিন তারা আরো বলেন, “আপাতত আমরা ব্যারাকপুর ক্যান্টনমেন্টের কাছে এই মাঠটি না ঘেরার অনুরোধ করলেও ভবিষ্যতে প্রয়োজন পড়লে বড় আন্দোলনের পথে নামবো।”

তবে এদিন এলাকার বাসিন্দারা মাঠ বাঁচানোর দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান, আন্দোলন করেন। যার জেরে মাঠ না ঘিরেই ফিরতে হয় কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *