আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ মে: বরানগরের একে মুখার্জি রোডের ১০৩ পল্লীর ঘনবসতি পূর্ণ এলাকার পাশেই কোভিড মর্গ তৈরী হওয়া নিয়ে অসন্তোষ তৈরী হয়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। সেই সঙ্গেই আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা।
করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বিপর্যস্ত রাজ্য। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। করোনা আক্রান্তদের জন্য শয্যা বাড়ানোর উদ্যেশ্যে বরানগর স্টেট জেনারেল
হাসপাতালকে করোনা হাসপাতালে পরিণত করা হয়েছে। আর এই হাসপাতালের পাশেই ঘন জনবসতি পূর্ণ এলাকায় একটি পরিত্যাক্ত বাড়িতে কোভিড মর্গ বানানো হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তর করার পরে কোভিড রোগে মৃত্যু হওয়া রোগীদের দেহ রাখার জন্য একটি পরিত্যক্ত বাড়িতে মর্গ করা হয় যেটি জনবসতি পূর্ণ এলাকার মধ্যেই পড়ছে। যা থেকে দূষিত বাতাস তাদের এলাকায় ছড়িয়ে পড়ছে। এমনকি দিন ও রাতে কোভিড মৃতদেহ মর্গে প্রবেশ করানো ও বের করা হচ্ছে। তাদের আরও অভিযোগ, এ নিয়ে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এলাকার বিধায়ক, হাসপাতাল সুপার, থানায় বারংবার চিঠি দেওয়া হয়েছে কিন্তু তা সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে তাদের লোকালেই মর্গ তৈরি করা হয়েছে। তাদের দাবি, মর্গটাকে অন্যত্র সরানো হোক না হলে মর্গটিকে আধুনিকীকরণ করা হোক যাতে দূষিত বাতাস লোকালয়ে ছড়িয়ে না পড়ে। এই এলাকার বেশির ভাগ বাসিন্দারা বহু পুরনো ফলে অনেকেরই বয়স হয়ে গেছে এই পরিবেশে তাদের সুস্থ্য রাখা সম্ভব নয়।
স্থানীয় তৃণমূল নেতারা এই সম্পূর্ণ বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়ে জানান, “এলাকাবাসীর দাবি সঠিক, এই ধরনের মর্গ তৈরি করা হয়েছে। যেহেতু বরানগর হাসপাতালটি সদ্য করোনা হাসপাতালে পরিণত হয়েছে আর করোনা আক্রান্ত হয়ে রোগী মৃত্যু সংখ্যা বাড়ছে সেখানে বেড খালি করবার জন্য রোগীর মৃত্যু হলে সেগুলিকে সরানো হচ্ছে যাতে নতুন রোগীদের জায়গা দেওয়া সম্ভব হয়। সেই মর্গটিতে আধুনিক কোনও ব্যবস্থা নেই মৃতদেহ রাখার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ, প্রশাসন ও আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতে ব্যবস্থা গ্রহণ করবো।”।

